চোখে পানি, বুকে হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের ভাগ্য ফেরাতে পঁাচ বছর আগে সৌদি আরব যান শাহ আলম৷ তাঁকে ঘিরেই স্বপ্ন দেখতে শুরু করেন বাবা–মা৷ হঠাৎই এক দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে যায়৷ ১২ মে রিয়াদে কারখানায় আগুন লেগে প্রাণ হারান শাহ আলমসহ আরও নয় বাংলাদেশি৷ তাঁদের ছয়জনের লাশ দেশে এসেছে গতকাল৷ শাহ আলমের বাবা হবি মিয়া কেমন করে ছেলের লাশ বইবেন৷ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ছবি l প্রথম আলো
পরিবারের ভাগ্য ফেরাতে পঁাচ বছর আগে সৌদি আরব যান শাহ আলম৷ তাঁকে ঘিরেই স্বপ্ন দেখতে শুরু করেন বাবা–মা৷ হঠাৎই এক দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে যায়৷ ১২ মে রিয়াদে কারখানায় আগুন লেগে প্রাণ হারান শাহ আলমসহ আরও নয় বাংলাদেশি৷ তাঁদের ছয়জনের লাশ দেশে এসেছে গতকাল৷ শাহ আলমের বাবা হবি মিয়া কেমন করে ছেলের লাশ বইবেন৷ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ছবি l প্রথম আলো

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার ফটকের সামনে অপেক্ষায় বেশ কয়েকজন নারী-পুরুষ৷ কেউ কাঁদছেন, কেউ নির্বাক, কেউ নিজের কষ্ট চেপে অন্যকে সান্ত্বনা দিচ্ছেন৷ গতকাল শুক্রবার দুপুরের পর তাঁদের এমন অপেক্ষা স্বজনের লাশের জন্য৷
বিকেল চারটার পর তাঁদের অপেক্ষার অবসান হয়৷ হ্যাঙ্গার ফটক দিয়ে একে একে বেরিয়ে আসে ছয়টি কফিনে ছয়জনের লাশ৷ লাশগুলো সৌদি আরবপ্রবাসী ছয় বাংলাদেশি কর্মীর৷ ১২ মে রিয়াদে এক সোফা তৈরির কারখানায় আগুন লাগলে তাঁরাসহ নয় বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিক প্রাণ হারান৷
লাশ হস্তান্তরের সময় স্বজনদের আহাজারিতে হ্যাঙ্গার ফটকের সামনে সৃষ্টি হয় শোকের পরিবেশ৷ চোখের পানিতে প্রিয়জনের লাশ বুঝে নিয়ে স্বজনেরা রওনা দেন বাড়ির উদ্দেশে৷ বুকে তাঁদের হাহাকার৷ সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে বিমানবন্দরের টার্মিনাল ফটক দিয়ে এই ছয়জন সৌদি আরব যাওয়ার সময়ও বিদায় জানাতে আসা স্বজনেরা কেঁদেছিলেন৷ গতকাল তাঁরা পরিবারের কাছে ফিরলেন তাঁদের আবার কান্না ও শোকে ভাসিয়ে৷ জীবিত ফিরলে স্বজনেরা হ্যাঙ্গার ফটকে নয়, হাসিমুখে তাঁদের স্বাগত জানাতেন টার্মিনালের ফটকে৷
রিয়াদের শিফা সানাইয়া এলাকার তিতাস ফার্নিচার নামের সোফা তৈরির কারখানায় ওই আগুনে নিহত নয় বাংলাদেশির মধ্যে গতকাল যে ছয়জনের লাশ দেশে এসেছে তাঁরা হলেন: কুমিল্লার হোমনা উপজেলার চাঁদেরচর গ্রামের মো. সেলিম, হোমনার কলাগাছিয়া গ্রামের মতিউর রহমান, তিতাস উপজেলার দুলারমপুর গ্রামের মো. জালাল ও কালিপুর গ্রামের শাহ আলম, ফেনীর জাকির হোসেন ও মাদারীপুরের মো. আক্কাস ওরফে খোরশেদ।
বিমানবন্দর ও প্রবাসীকল্যাণ ডেস্ক সূত্র জানায়, বিকেল সোয়া তিনটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে লাশগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছায়৷ সব প্রক্রিয়া শেষ করে ঘণ্টা খানেক পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়৷
প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, লাশ হস্তান্তরের সময় নিহত এই ছয়জনের প্রত্যেকের পরিবারকে লাশ দাফনের জন্য ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেকের পরিবার তিন লাখ টাকা করে অনুদান পাবে।
লাশ হস্তান্তরের সময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বু৵রোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক নিজামউদ্দিন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. জিয়াউদ্দিন ও সহকারী পরিচালক জাহিদ আনোয়ার উপস্থিত ছিলেন।
শাহ আলমের (৩০) লাশ বুঝে নেওয়ার সময় তঁার বাবা হবি মিয়া ছেলের কফিন ধরে কাঁদতে থাকেন৷ পারিবারিক সূত্র জানায়, শাহ আলম পঁাচ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন৷ গত বছর কোরবানির ঈদের সময় তিনি দেশে এসেছিলেন৷ বিয়ে করে মাস তিনেক আগে আবার যান। গতকাল তিনি ফিরলেন লাশ হয়ে৷
মতিউররা দুই ভাই, তিন বোন৷ তঁার পাঠানো টাকাতেই সংসার চলত। তঁার স্ত্রী রাশিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, মারা যাওয়ার কয়েক দিন আগে তিনি স্বামীর সঙ্গে শেষবার কথা বলেছিলেন। দুই শিশুসন্তানকে নিয়ে তিনি কী করবেন বুঝে উঠতে পারছেন না।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার জানান, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাকি তিনজন গাফফার, নাজির ওরফে মিজান এবং বাহাউদ্দিনের বৈধ কাগজপত্র না পাওয়ায় লাশ পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে লাশ দেশে পাঠানোর সব প্রক্রিয়া চলছে। কয়েক দিনের মধ্যেই তাঁদের লাশ দেশে পাঠানো সম্ভব হবে। এই নয়জনের লাশ দেশে আনতে কল্যাণ বোর্ডের সাত লাখ ১৮ হাজার টাকা খরচ হচ্ছে।