চোখের আলো হারানো ছাত্রী মাসুদার পাশে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রকৃতির অপরূপ শোভা আর দেখতে পারি না। পারি না আমার শখের খেলাধুলা ও আঁকাআঁকি করতে। এর পরও হাল ছাড়িনি। দৃষ্টিশক্তি না থাকলেও জ্ঞান অর্জন করে মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে চাই।’
দৃঢ় মনোবলে কথাগুলো বলছিল রংপুর শহরের সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্রী মাসুদা আক্তার।
এই মাসুদার পাশে দাঁড়িয়েছে প্রথম আলো। গতকাল মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে তাঁকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এই বৃত্তির আওতায় সে এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে নিতে প্রতি মাসে এক হাজার টাকা পাবে। গতকাল তাকে একটি রেকর্ডার কেনার জন্য এককালীন চার হাজার টাকা এবং চলতি মাসের জন্য এক হাজার টাকা দেওয়া হয়েছে।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১২ সালে শহরের বাবু খাঁ এলাকায় নিজ বাড়িতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়ে চোখ হারায় মাসুদা। ভাইয়ের কাছে শুনে পড়া মুখস্থ করে গত বছর নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় পাস করে দশম শ্রেণিতে পড়ছে সে। গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘ভাইয়ের কাছে শুনে শুনে চলে মাসুদার পড়া’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
মাসুদাকে বৃত্তি প্রদান উপলক্ষে গতকাল সকালে তাঁর স্কুলে প্রথম আলো অ্যাসিড-সহায়ক তহবিলের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে পুরো দেশটাই হয়তো একদিন পাল্টে যাবে। তিনি বলেন, ‘প্রথম আলোর সচেতনতামূলক কার্যক্রম ও সরকারের অ্যাসিড-সংক্রান্ত আইনের কারণে অ্যাসিড-সন্ত্রাস অনেক কমে গেছে। এর পরও আমাদের অনেক সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল ও কলেজের অধ্যক্ষ নাহিদ ইয়াসমীন বলেন, মাসুদা ভাইয়ের সহায়তায় নতুন করে পড়াশোনা শুরু করেছে। তাকে সব ধরনের সহযোগিতা দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, ট্রাস্টের শিক্ষা কার্যক্রমের আওতায় থাকা তিন অদম্য মেধাবী ফারুক হোসেন, সৌরভ মিয়া ও জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
মাসুদার ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলা এখনো বিচারাধীন। বিয়ের প্রস্তাব দেওয়া যুবক মো. আরিফ কারাগারে আছেন।