চোখের জল থামছে না সন্তানহারা চার মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবলে চার শিশুর হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল বিকেলে বাহুবল উপজেলা পরিষদ ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘প্রজন্ম ক্লাব’। এতে অংশ নেয় সব শ্রেণি-পেশার মানুষ l ছবি: প্রথম আলো
হবিগঞ্জের বাহুবলে চার শিশুর হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল বিকেলে বাহুবল উপজেলা পরিষদ ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘প্রজন্ম ক্লাব’। এতে অংশ নেয় সব শ্রেণি-পেশার মানুষ l ছবি: প্রথম আলো

বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের সন্তানহারা চার মায়ের চোখের পানি কিছুতেই বাঁধ মানছে না। আত্মীয়স্বজন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বাড়ি থেকে খাবার এনে খাওয়ানোর চেষ্টা করছেন। কিন্তু তাঁদের গলা দিয়ে নামছে না বলতে গেলে কিছুই। সন্তান-শোকে খাদ্য ও নিদ্রাহীন কাটছে তাঁদের দিনগুলো।
এই অবস্থায় মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন নিহত শিশুদের মা ও তাদের দাদি-চাচি-ফুফুসহ নিকটজনেরা। বাড়িতে গিয়ে তাঁদের চিকিৎসা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসা দল।
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চারটি দরিদ্র পরিবারের এ কষ্টের দিনের শুরু গত ১২ ফেব্রুয়ারি। ওই দিন খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু তাজেল মিয়া, জাকারিয়া আহমেদ, মনির ও ইসমাইল মিয়া। তাদের লাশ মেলে গত বুধবার সকালে বালুচাপা অবস্থায়।
গতকাল শুক্রবার সকালে নিহত তাজেলের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা আমেনা খাতুন শয্যাশায়ী। পাশে তাঁর ১০ মাসের একমাত্র কন্যাসন্তান। নিকটাত্মীয় জমিলা বেগম শিশুটিকে দেখাশোনা করছেন। জমিলা বলেন, তাজেলের মা সাত দিন ধরে বলতে গেলে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। দুর্বলতার কারণে তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে।
তাজেলের বাবা আবদুল আজিজ বলেন, তাঁর স্ত্রীর শরীর ভালো যাচ্ছে না। ভাবছেন হাসপাতালে নিয়ে যাবেন।
নিহত মনিরের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁদের বসতঘরটি চালাহীন অবস্থায় ৮-১০টি খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। মনির নিখোঁজ হওয়ার আগের দিন বসতঘরটি ভাঙা হয়েছিল মেরামতের জন্য। ঘরের পাশে একটি ঝুপড়ি তৈরি করে বসবাস করছে মনিরের পরিবার। সেই ঘরে ঢুকে দেখা গেল মনিরের মা সোলেমা খাতুন দোয়াদরুদ পড়ছেন আর চোখের জল গড়িয়ে পড়ছে মুখে বেয়ে। পাশে বসে আছেন আত্মীয়স্বজন। সোলেমার ছোট বোন সাবিনা খাতুন বলেন, গত শুক্রবার থেকে খাওয়া-ঘুম নেই তাঁর বোনের। মাঝে মাঝে তিনি (সাবিনা) বাড়ি থেকে খাবার এনে খাওয়ানোর চেষ্টা করেছেন। কিন্তু সামান্য মুখে নিলেও পরে বমি করে দিচ্ছেন।
মনিরদের ঘরের সামনেই তাঁর চাচাতো ভাই নিহত জাকারিয়াদের ঘর। এ ঘরে ঢুকে চোখে পড়ল ২০-২৫ জন নারী। সবাই জাকারিয়ার মা পারুল বেগমকে ঘিরে আছেন। তখন বেলা দুইটা। এক আত্মীয় পারুলকে ভাত মেখে খাওয়ানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি কিছুতেই খাবার খাচ্ছেন না। তাঁদের আত্মীয় রবি বেগম বলেন, আজ সাত দিন হয়ে গেল, এ বাড়ির মানুষগুলো খানাপিনা ভুলে গেছে। বাড়িতে চুলা জ্বলছে না। এ ছাড়া প্রতিনিয়ত আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের ভিড় লেগে থাকায় তাঁদের কারও বিশ্রামের সুযোগও হচ্ছে না।
নিহত তাজেল, মনির ও জাকারিয়া একে অপরের চাচাতো ভাই। তাদের সঙ্গে প্রাণ হারায় তাদেরই আরেক প্রতিবেশী ইসমাইল। গতকাল ইসমাইলের ঘরে ঢুকেই দেখা গেল, সন্তানের কাপড় ধরে বসে কাঁদছেন মা মিনারা খাতুন। ইসমাইলের বাবা আবদুল কাদির স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনো সান্ত্বনাই রোধ করতে পারছে না মায়ের কান্না।
গত বৃহস্পতিবার বিকেলে সুন্দ্রাটিকি গ্রামে গিয়ে এই অবস্থা দেখে সংরক্ষিত নারী আসনের স্থানীয় সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তাঁদের বাড়ির একটি ঘরে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানোর ব্যবস্থা করেন।
গতকাল শুক্রবার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এম এ কুদ্দুসের নেতৃত্বে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা (সিনিয়র নার্স) মধুমিতা ভান্ডারিসহ পাঁচজন স্বাস্থ্য সহকারী ছিলেন। এম এ কুদ্দুস জানান, খাওয়াদাওয়া না করায় চার শিশুর মায়ের রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। স্যালাইন দিয়ে তাঁদেরকে স্বাভাবিক করা হয়েছে। এ ছাড়া শিশুদের তিন চাচি, একজন ফুফু, দাদি ও ছোট এক শিশুরও চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রাথমিক চিকিৎসাসেবার এ ক্যাম্প তিন দিন রাখার সিদ্ধান্ত হয়েছে। চিকিৎসকসহ পাঁচজনের একটি দল সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করবে।