চোখের জলে অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসারে সচ্ছলতার আশায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার হারুন খান (৩৪) রওনা হন মালয়েশিয়ার উদ্দেশে। ‘দালাল’কে টাকা দিয়ে ট্রলারে করে যাত্রা শুরুর করেন তিনি। এরপর দুই বছর পেরিয়ে গেছে। কিন্তু তাঁর কোনো খোঁজ নেই।
হারুনের মতো ট্রলারে করে মালয়েশিয়ার পথে যাত্রা করে নিখোঁজ হয়েছেন শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ১০ তরুণ। মাসের পর মাস তাঁদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হারুন ছাড়াও জপসা ছিডুমাদবর কান্দি গ্রামের মনির হাওলাদার (২৭) ও রুবেল দেওয়ান (১৮) এলাকার মোবারক খানের সঙ্গে মালয়েশিয়া যাওয়ার জন্য চুক্তি করেন। তাঁরা জমি বিক্রি করে মোবারক খানকে ২ লাখ ৪০ হাজার টাকা করে দেন। ২০১৩ সালে মোবারক তাঁদের টেকনাফে নিয়ে ট্রলারে তুলে দেন। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা জানতে চাইলে তাঁরা থাইল্যান্ডে আটকা পড়েছেন বলে জানান মোবারক। পরে নিখোঁজ রুবেল দেওয়ানের মা হালিমা বেগম বাদী হয়ে মোবারক ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকে মোবারক পলাতক রয়েছেন।
এদিকে স্বামী নিখোঁজ থাকায় শিশু-সন্তানদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন স্ত্রীরা। হারুন খানের স্ত্রী বিউটি বেগম ও মনির হাওলাদারের স্ত্রী রেহানা বেগম উপায় না পেয়ে তাঁদের সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
নড়িয়া উপজেলার দিগম্বরপট্টি গ্রামের মনসুর খানের ছেলে আব্দুল খান মালয়েশিয়াপ্রবাসী। সেখান থেকে মুঠোফোনে পাশের কান্দাপাড়া গ্রামের আবু তাহের হাওলাদার (৩৫), নাসির ঢালী (৩০) ও আলমগীর হাওলাদারকে (২৮) মালয়েশিয়া নেওয়ার জন্য চুক্তি করেন আব্দুল খান। তাঁর দেওয়া ঠিকানা অনুযায়ী ওই তিন যুবক গত ফেব্রুয়ারি মাসে টেকনাফ গিয়ে ট্রলারে করে মালয়েশিয়ায় পাড়ি জমান। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ নেই। তাঁদের পরিবারের অভিযোগ, মনসুর খানের মাধ্যমে টাকা লেনদেন হয়েছিল। কিন্তু মনসুর এই অভিযোগ অস্বীকার করেছেন।
আলমগীর হাওলাদারের স্ত্রী খোরসেদা বেগম বলেন, ভালো আয়ের আশায় তাঁর স্বামী মালয়েশিয়া রওনা হয়েছিলেন। এখন তাঁর পথ চেয়ে চোখের জল ফেলতে হয়।
একই উপজেলার নওপাড়া গ্রামের লোকমান হোসেন (৩০), পাশের চরআত্রা গ্রামের কবির উদ্দিন (২৪), ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ঢালীকান্দি গ্রামের দিদার মোল্লা (৩৮) ও হানিফ বেপারী (৩০) তিন মাস ধরে নিখোঁজ। গ্রামের আশরাদুল শিকদার তাঁদের মালয়েশিয়া পাঠানোর জন্য ৯ মার্চ বাড়ি থেকে নিয়ে যান।
দিদার মোল্লার স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘তিন মাসের বেশি সময় ধরে মানুষটা নিখোঁজ। আমরা জানি না তিনি কোথায়, কীভাবে আছেন।’ ঘটনার পর থেকে ‘দালাল’ আশরাদুলও পলাতক।
ওই ১০ জনকে যাঁরা মালয়েশিয়া পাঠিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নড়িয়া থানার ওসি একরাম আলী মিয়া বলেন, এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা হয়। আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গ্রামগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।