চোখের জলে আবদুল্লাহকে বিদায়, চারজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু আবদুল্লাহ হত্যার প্রতিবাদে গতকাল বিক্ষোভ করে মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিশুরা l প্রথম আলো
শিশু আবদুল্লাহ হত্যার প্রতিবাদে গতকাল বিক্ষোভ করে মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিশুরা l প্রথম আলো

যে বিদ্যালয়ে পড়ত, যে মাঠে খেলে বেড়াত, সেই মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার আনা হলো মো. আবদুল্লাহর প্রাণহীন দেহ। খবর পেয়ে তাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় জমায় হাজারো শিক্ষার্থী, নারী-পুরুষ। সবার চোখ কান্নাভেজা। বিকেল চারটায় সেখানে জানাজা শেষে মুগারচর কবরস্থানে দাফন করা হয় পঞ্চম শ্রেণির ছাত্র আবদুল্লাহকে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরে শিশু রাহিমুল ইসলাম রনককে হত্যার মূল আসামি মোবাশ্বের আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর বরিশালের গৌরনদীতে স্কুলছাত্রী কবিতা আক্তার হত্যার ঘটনায় তার এক বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সকাল থেকে কেরানীগঞ্জের মুগারচর গ্রামে আবদুল্লাহর বাড়িতে শত শত নারী-পুরুষ ভিড় জমান। লাশ দাফনের আগ মুহূর্ত পর্যন্ত হাজারো নারী-পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বেলা তিনটার দিকে আবদুল্লার লাশ আনা হয় বিদ্যালয়ে।
বিদ্যালয়ের মাঠেই ছুটে আসেন আবদুল্লাহর মা রিনা বেগম। কাঁদতে কাঁদতে বলেন, ‘টাকা দিলাম কিন্তু ছেলে পেলাম না। এখন চাই মোতাহারকে ধরা হোক। ওর ফাঁসি হোক।’ মায়ের কান্না ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। চোখ মুছতে মুছতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘আমাদের ছাত্র আবদুল্লাহকে আর কখনো বিদ্যালয়ে দেখতে পাব না। তার মতো এমন অবস্থা যেন কারও না হয়।’
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. নাদিম হোসেন বলে, ‘আমরা গত বুধবার ওর সঙ্গে খেলা করেছি। শনিবার বিদ্যালয়ে এসে শুনি আবদুল্লাহ নিখোঁজ। আমি খুনিদের ফাঁসি চাই।’
গত শুক্রবার দুপুরের পর বাড়ি থেকে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় আবদুল্লাহ। অপহরণের কথা বলে মুঠোফোনে দুই লাখ টাকাও নেয় দুষ্কৃতকারীরা। গত মঙ্গলবার আবদুল্লাহর মায়ের মামা মোতাহার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ড্রামের ভেতর থেকে আবদুল্লাহর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মোতাহার হোসেন এখনো পলাতক। তবে তাঁর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালত প্রতিবেদক জানান, আবদুল্লাহ হত্যা মামলায় চার আসামি খুরশীদ আলম, আল আমিন, মিটু আখতার ও মেহেদী হাসানকে গতকাল বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের মধ্যে মেহেদী হাসানের সাত দিন ও বাকি তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম চার আসামিকে আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনের আবেদনে বলা হয়, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে শিশু আবদুল্লাহকে অপহরণ করে ঠান্ডা মাথায় হত্যা করেছেন।
রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শিশু রাহিমুল ইসলাম রনক হত্যার মূল আসামি মোবাশ্বের আলমকে (২৭) ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মোবাশ্বেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে রুমা বেগম (২৮) নামের এক নারীকেও আটক করা হয়। রংপুর কোতোয়ালি থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গতকাল বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক রনক হত্যাকারীর গ্রেপ্তারের কথা জানান। পুলিশ সূত্র জানায়, হত্যার কথা স্বীকার করে মোবাশ্বের বলেছেন, ধানগাছ গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় রনককে।
অপহরণের প্রায় দুই মাস পর গত ২৯ জানুয়ারি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেপানি গ্রামের একটি জমি থেকে রনকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, পৌরসভার স্কুলছাত্রী কবিতা আক্তার নিহত ব্যক্তির ঘটনায় পুলিশ তার এক বান্ধবীকে (১৫) গ্রেপ্তার করেছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের ডোবায় কবিতার লাশ পাওয়া যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ লাশটি উদ্ধার করে। সে ওই এলাকারই আয়নাল হক ব্যাপারীর মেয়ে।
আয়নাল হক ব্যাপারী জানান, গত রোববার সকালে তাঁর মেয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিন রাতে গৌরনদী মডেল থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। ময়নাতদন্তের পর গতকাল পারিবারিক গোরস্তানে কবিতার দাফন সম্পন্ন হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন নিহত কবিতার বান্ধবীকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।