চোখের জলে আর্জিনাকে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বোয়ালমারী গ্রামে ধর্ষণ ও হত্যার শিকার মেধাবী শিক্ষার্থী আর্জিনা খাতুনের লাশ গত সোমবার রাতে দাফন করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরেকজনকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হলো।
এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আর্জিনাকে গত রোববার ধর্ষণ করার পর গলা কেটে হত্যা করে শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের বখাটে আইয়ুব আলী ও তার সহযোগীরা। এরপর দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আইয়ুব আলী রাস্তায় পড়ে মারা যায়।
রৌমারী থানা-পুলিশ জানায়, আর্জিনার লাশ গত সোমবার সকালে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ১১টার দিকে লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। আর্জিনার মৃতদেহ রাত ১২টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছালে হারিকেন ও কুপি জ্বালিয়ে রাতের আঁধার ভেঙে ভিড় করে হাজার খানেক মানুষ। এ সময় সেখানে কান্নার রোল পড়ে যায়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আর্জিনাকে।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার পুলিশ বাতার গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে। এর আগে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয় চেংটাপাড়া গ্রামের নাসির উদ্দিনকে।