চোখের জলে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল গণভবনে এক অনুষ্ঠানে ১৫ আগস্ট ও পরবর্তী জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী l ছবি: বাসস
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল গণভবনে এক অনুষ্ঠানে ১৫ আগস্ট ও পরবর্তী জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী l ছবি: বাসস

চোখের জলে নিজের ঝঞ্ঝাবিক্ষুব্ধ অতীতকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ১৭ মে ছিল তাঁর দেশে ফেরার ৩৩তম বার্ষিকী৷ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে তাঁকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাবে সপরিবারে পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাঁর নির্বাসন ও পরবর্তী জীবনের আবেগময় বর্ণনা দেন শেখ হাসিনা।
৩৩ বছর আগে নির্বাসন শেষ করে দেশে ফেরার কথা স্মরণ করে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মুষলধারে বৃষ্টি পড়ছে। এর মধ্যে লাখো মানুষের ঢল। যখন বাংলাদেশ থেকে যাই, তখন বাবা-মা-ভাই সবাই ছিল। রাসেল বিদায় দিতে এয়ারপোর্ট গিয়েছিল। ফিরে এসে লাখো মানুষের ভালোবাসা পেলাম। কিন্তু আমার ভালোবাসার মানুষগুলোকে পেলাম না। বনানী কবরস্থানে পেলাম সারি সারি কবর।’
শেখ হাসিনা বলেন, ‘কোথায় থাকব, কোথায় উঠব ও কীভাবে চলব কিছুই ভাবলাম না। দুটি স্যুটকেসে কিছু কাপড় ভরে চলে এলাম। একটা চিন্তাই ছিল, কীভাবে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনব, সংগঠনকে শক্তিশালী করব।’
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সরকার তাঁকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধামমন্ডির ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করতে দেয়নি। রাস্তায় বসে মিলাদ পড়তে হয়েছে।
সেনাবাহিনীর কিছু ‘বিপথগামী সদস্য’ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার সময় শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা জার্মানিতে ছিলেন।
শেখ হাসিনা বলেন, পিতাসহ পরিবারের সবাইকে হারিয়ে তাঁরা কোথায় যাবেন, কী করবেন জানা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও যুগোস্লাভিয়ার নেতা মার্শাল টিটো তাঁদের দায়িত্ব নেন। এরপর ইউরোপ েথকে ভারতে যান তাঁরা৷
শেখ হাসিনা বলেন, ‘প্রথমে স্পষ্ট ছিল না সব হারিয়েছি। কেউ বলছে মা বেঁচে আছেন। শুনি, রাসেল বেঁচে আছে। ভারতে এসে ইন্দিরা গান্ধীর কাছে সব সত্য জানতে পারলাম। এটা খুব কঠিন সময় ছিল। যতটা সহজভাবে বলতে পারছি, ততটা সহজ ছিল না।’
শেখ হাসিনা বলেন, ‘জার্মানিতে নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত হুমায়ুন রশীদ চৌধুরী সরকারি কর্মকর্তা হয়েও সাহায্য করেছিলেন। কিন্তু আব্বার পররাষ্ট্রমন্ত্রী বিদেশে ছিলেন। তাঁর কোনো সহায়তা পাওয়া যায়নি। একটা বিবৃতি দিতে অনুরোধ করলেও রাজি হননি।’
তখন আওয়ামী লীগ বিভক্ত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশে চিঠি দিয়ে ঐক্যবদ্ধ থাকতে বলতেন৷ এর মধ্যে একদিন পিতা বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখেন, দুজনের মধ্যে কথোপকথন হয়। ‘স্বপ্নে আমি আব্বাকে বলছি, আপনি কোথায়? আওয়ামী লীগ যদি ভেঙে যায় আমরা তো দেশে আসতে পারব না। আব্বা বললেন, চিন্তা করিস না। পার্টি ইউনাইটেড থাকব, স্মৃতিচারণা করে বলেন দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরা শেখ হাসিনা৷
জিয়াউর রহমান সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘দেশে না আসার জন্য চিঠি দেওয়া হতো। আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার পরিকল্পনা ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে নির্বাসনে থাকা অবস্থায় আকস্মিকভাবে তাঁকে আওয়ামী লীগের সভানেত্রী করা হয়।
শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সুখে না হোক, দুঃখের সময় সাহস, সমর্থন ও দৃঢ়সংকল্প দেখেছি। এটাই আমাদের শক্তি। সবাইকে মনে রাখতে হবে সততাই শক্তি।’
অনুষ্ঠানের প্রথমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এর আগে কেন্দ্রীয় নেতারা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া সারা দেশে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়৷