চোখের জলে মা-মেয়ে ও ছেলেকে বিদায়
চার মাস বয়সী মেয়ে মরিয়মকে নিয়েই সময় কাটত মা আমেনা বেগমের। দুই দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট দেখে আদরের মেয়েকে পটুয়াখালী শহরে নিয়ে আসেন তিনি। ছোট ছেলে মামুনও (১৪) আসে মায়ের সঙ্গে। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে-ছেলে চলে যান না-ফেরার দেশে।
গত মঙ্গলবার বিকেলে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর বিমানবন্দর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। গতকাল বুধবার নিজ গ্রামে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়। নিহত ব্যক্তিদের বাড়ি সদর উপজেলার গাবুয়া গ্রামে।
আমেনা বেগমের স্বামী হোসেন মৃধা। তিনি কৃষক। তাঁর অপর দুই ছেলে সোহেল ও ইয়াকুব ঢাকায় দিনমজুরি করেন। গতকাল বিকেলে তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষের ভিড়। বিকেল পাঁচটার দিকে প্রথম খাটিয়ায় মা ও মেয়ের মরদেহ এবং দ্বিতীয় খাটিয়ায় ছেলে মামুনের মরদেহ পৌঁছায়। এ সময় স্বজনদের কান্না ও আর্তনাদে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। উঠানে পাশাপাশি রাখা হয় খাটিয়া দুটি। একনজর দেখতে নারী-পুরুষ হুমড়ি খেয়ে পড়েন। এ সময় এলাকাবাসীর আর্তনাদও চাপা থাকেনি। চোখের জলে মা-মেয়ে-ছেলেকে শেষবিদায় জানান তাঁরা।
আমেনা বেগমের স্বামী হোসেন মৃধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার আদরের মাইয়ারে হারাদিন বুকের মধ্যে রাখত আমেনা। হে তো গেলোই, লগে মাইয়া-পোলাও লইয়া গেল।’ এ কথা বলে বুক চাপড়ে তিনি অচেতন হয়ে পড়েন।
প্রতিবেশী মরিয়ম বেগম বলেন, ‘যে মানুষগুলারে সকালে জীবিত যাইতে দেখলাম, বিকেলে লাশ হয়ে বাড়ি ফিরল। এটা মেনে নেওয়া কষ্টকর। একটি দুর্ঘটনায় পুরো সংসারই তছনছ হয়ে গেল।’
এদিকে কাশিয়ানী থানা-পুলিশের বরাত দিয়ে আমাদের ফরিদপুর অফিস জানায়, মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় গাড়িচাপায় ওবায়দুর রহমান মোল্লা (৩৫) নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শাহ্মুল্লকদী গ্রামে। তিনি মুজিবুর রহমানের ছেলে।
আগৈলঝাড়া থানা-পুলিশের বরাতে গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী বাইপাস সড়কে মঙ্গলবারের দুর্ঘটনায় আহত আবদুস ছালাম মোল্লা (২৫) গতকাল মারা গেছেন। তিনি আগৈলঝাড়ার বারপাইকা গ্রামের বাসিন্দা।