বাড়ির উঠানে পাশাপাশি রাখা তিনটি কফিন। এতে চিরনিদ্রায় শায়িত আছেন গত শনিবার মেঘনায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত তাসলিমা বেগম, তাঁর ছেলে ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র হিরণ ও ছোট মেয়ে জান্নাতি।
গতকাল সোমবার ভোরে ঢাকা থেকে এই তিনজনের লাশ তাদের গ্রামের বাড়ি বরগুনার বালিয়াতলী ইউনিয়নের বাইনসমের্ত এলাকায় পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। গ্রামের মানুষ চোখের জলে তাদের চিরবিদায় জানায়।
শনিবার দুপুরে বরগুনার বাইনসমের্ত গ্রামের তাসলিমা বেগম তাঁর স্বামী নিজাম উদ্দীনের সঙ্গে ছেলে ও দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশে। শনিবার গভীর রাতে মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে প্রাণ হারান তাসলিমা, ছেলে হিরণ ও সাত বছর বয়সী মেয়ে জান্নাতি। গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরেক মেয়ে নবম শ্রেণির ছাত্রী নাসরিন। শৌচকর্মে লঞ্চের নিচতলায় থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান নাসরিনের বাবা নিজাম উদ্দীন।
গতকাল ভোর পৌনে পাঁচটায় তিনটি কফিন ঢাকা থেকে গ্রামের বাড়ি বরগুনার বালিয়াতলী ইউনিয়নের বাইনসমের্ত গ্রামে পৌঁছায়। সকালে নিজাম উদ্দীনের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানভর্তি মানুষের ভিড়। উঠানের ঠিক উত্তর কোণে পাশাপাশি খোঁড়া হয়েছে তিনটি কবর। স্বজনদের কান্না আর আর্তনাদে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্বজনদের এই আর্তনাদে উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। প্রতিবেশী সুলতান মাহমুদ বললেন, ‘যে মানুষগুলোকে শনিবার দুপুরে আমরা জীবিত বিদায় জানালাম, দুই দিন পর তাঁরা বাড়ি ফিরেছে লাশ হয়ে, এটা কীভাবে মেনে নিই।’ এ কথা বলেই সুলতান কেঁদে বুক ভাসালেন এবং বললেন, এভাবে একটা সংসার এলোমেলো হয়ে গেল! পাশেই নিজাম উদ্দীনের ছোট টিনের ঘর। ঘরের বারান্দার একটা চকিতে স্ত্রী, দুই সন্তানকে হারানোর শোকে নির্বাক হয়ে আছেন নিজাম উদ্দীন, তাঁর ভাই জামাল হাওলাদার ও তাঁদের মা বৃদ্ধ তারা বানু। তাঁরা এই দুই দিনে কোনো দানাপানি মুখে নেননি। জ্ঞান হারাচ্ছেন আবার জ্ঞান ফিলে কাঁদছেন আবার জ্ঞান হারাচ্ছেন।
শনিবার যে অটোবাইকে চড়ে নিজাম উদ্দীন তাঁর পরিবারকে নিয়ে বরগুনা লঞ্চঘাটে গিয়েছিলেন, তার চালক রুহুল আমিনও কান্না আগলে রাখতে পারলেন না। বললেন, ‘দুপুর সাড়ে ১২টায় আমার আটোবাইকে করে তাঁদের আমি বরগুনা লঞ্চঘাটে নিয়ে যাই। যাওয়ার পথে ছোট মেয়ে জান্নাতি বলছিল, তুমিও আমাদের সঙ্গে ঢাকায় বেড়াতে চলো। তখনো বুঝিনি এই যাওয়াই ওদের শেষ যাওয়া।’
গতকাল সোমবার সকাল আটটায় বাড়ির সামনে নিহত তাসলিমা বেগম, হিরণ ও জান্নাতির জানাজা হয়। এরপর তাদের দাফন করা হয় বাড়ির উঠানেই।
শনিবার দুপুরে এমভি কিং সম্রাট নামের লঞ্চটি রাত পৌনে দুইটার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মিয়ারচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাঙাবালির উদ্দেশে ছেড়ে আসা এমভি জাহিদ-৪ নামের আরেকটি লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এমভি কিং সম্রাট লঞ্চটির দোতলার ডেকে থাকা যাত্রী নিজাম উদ্দীনের স্ত্রী তাসলিমা বেগম ও মেয়ে জান্নাতি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তাঁর ছেলে হিরণ ও মেয়ে নাসরিন। পরে দুর্ঘটনাকবলিত লঞ্চটি চাঁদপুরে গিয়ে আহত হিরণ ও নাসরিনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠালে পথে হিরণ মারা যায়।
এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় ‘দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৩’ শিরোনামে খবর ছাপা হয়।