চোখের পানিতে চিরবিদায় স্ত্রী-সন্তানসহ চিকিৎসকের
বগুড়া শহরের নারুলীতে নিজের বাসার নিচতলায় মায়ের নামে ফজিলা মেমোরিয়াল হেলথ হোম প্রতিষ্ঠা করেছিলেন চিকিৎসক ফজলুল বারী। শুক্র ও শনিবার সেখানে রোগী দেখতেন তিনি। বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতেন গরিব রোগীদের। স্বপ্ন ছিল মায়ের নামে প্রতিষ্ঠিত সেবাকেন্দ্রকে আরও বড় কলেবরে নিয়ে যাওয়ার। কিন্তু স্বপ্ন আর তাঁর ছোঁয়া হলো না।
গতকাল বুধবার চোখের জলে নিজেদের প্রিয় চিকিৎসক, তাঁর স্ত্রী ও মেয়েকে বিদায় জানান এলাকাবাসী। এক পরিবারের তিনজনকে শেষ বিদায় জানাতে গিয়ে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে আসে।
ফজলুল বারী রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ছিলেন। গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় একটি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনি ও তাঁর স্ত্রী আসমা-উল হুসনা, মেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাহমিদা ফাইরোজ স্নেহা ও গৃহপরিচারিকা সীমা নিহত হন। ওই দম্পতির অন্য দুই সন্তান ফারিহা বুশরা বারী ফাইজা ও শাহজালাল আরিয়ান বারী পূর্ণ আহত হয়।
ফজলুল বারীর ভগ্নিপতি শফিউল আলম বলেন, চার বোনের একমাত্র ভাই ছিলেন ফজলুল বারী। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ২০০১ সালে। পরে সেখানেই কর্মজীবন শুরু করেছিলেন। বছর তিনেক আগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বদলি হয়ে যান তিনি। প্রতি শুক্র ও শনিবার বাড়ি চলে আসতেন। স্বপ্ন ছিল মানসিক রোগীদের সেবার জন্য মায়ের নামে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করার।
ফজলুল বারীর বাবা তৈয়ব আলী বলেন, তাঁর নাতি আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, আরিয়ানের গলার হাড় ভেঙে গেছে। ফারিহা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তাঁকে এখনো মা-বাবার মৃত্যুর কথা জানানো হয়নি। সে বারবার তাঁদের খুঁজছে।
এর আগে মঙ্গলবার রাতে বগুড়া শহরের নারুলীর বাসায় ফজলুল বারী ও তাঁর স্ত্রী-কন্যার লাশ এসে পৌঁছালে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। সকাল সাড়ে নয়টায় বাসার সামনে নারুলী উত্তরণ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজায় তাঁর স্কুল-কলেজ ও মেডিকেল কলেজজীবনের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ছাড়াও নানা শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেয়। সেখান থেকে লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি খামারকান্দিতে। বেলা সাড়ে ১১টার দিকে খামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দফা জানাজা শেষে বাড়ির উঠানে তিনজনকে কবর দেওয়া হয়। চিকিৎসক ফজলুল বারীর গৃহকর্মী সীমার লাশ পাঠানো হয়েছে তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার জুতমন বাঁশমুরী গ্রামে।