চোখের সামনেই তলিয়ে গেল বাড়িটি
ধরলা নদীর প্রবল স্রোতে অনেকটাই তলিয়ে গেছে আজিজুর রহমানের বসতবাড়ি। যেটুকু বাকি আছে, সেখানে আজ দুপুরে শেষ রান্না করছিলেন তাঁর স্ত্রী রহিমা খাতুন। তাঁর চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল কষ্টের জল। রান্না শেষে পরিবারের সবাই মিলে খাওয়াদাওয়া সারলেন। দুপুর গড়িয়ে বিকেল। এবার সবার চোখের সামনেই নদীগর্ভে তলিয়ে গেল পুরো বাড়িটি।
আজিজুর রহমান লালমনিরহাটের মোগলহাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। শুধু তিনিই নন, গত এক সপ্তাহে ধরলা নদীর প্রবল স্রোতে ভাঙনের শিকার হয়ে মোগলহাট ইউনিয়নের কর্ণপুর, ইটাপোতা, বুমকা ও কুড়ল গ্রামের আরও অনেকে বাড়ি নদীগর্ভে চিরতরে হারিয়ে গেছে।
স্থানীয় লোকজন জানান, ১৯৮৯ সালের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরে কুড়ল গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া ৪৯ শতক জমির ওপর বাড়ি করেন আজিজুর রহমান। বাড়িতে টয়লেট এবং রান্নাঘর ছাড়াও পাঁচটি টিনের ঘর নির্মাণ করেন। এই বাড়িতে ১৯৯০ সালের ২১ নভেম্বর জন্মগ্রহণ করেন আজিজুর-রহিমা দম্পতির তৃতীয় সন্তান মোহসেনা খাতুন। মোহসেনা খাতুন সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের চাকরি পেয়েছেন। মোহসেনা রংপুর কারমাইকেল কলেজ থেকে প্রথম শ্রেণিতে অর্থনীতি বিষয়ে মাস্টার্স পাস করেছেন। বিভিন্ন স্থান থেকে তাঁর বিয়ের সম্বন্ধ আসছে। এই বাড়িতেই তাঁর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বিধিবাম। ধরলা নদীর প্রবল স্রোতের করালগ্রাসে ভিটাসহ বাড়িটি তলিয়ে গেছে। পুরো পরিবার হয়ে পড়েছে অসহায়।
আজিজুর রহমান বলেন, ‘এই ধরলা নদীতে বিভিন্ন সময় আমাদের পরিবারের ২০ বিঘা জমি চিরতরে হারিয়ে গেছে। তলিয়ে যাওয়া ভিটাটি ছিল পৈতৃক সম্পত্তির শেষ চিহ্ন। তা-ও আর রইল না। এখন আমি ভূমিহীন মানুষ।’ তিনি বলেন, ‘ধরলা নদীর যে অংশে আমাদের বাড়ি, সেখানে বাঁধ দেওয়া হলে আজ হয়তো আমাকে বা আরও অনেককে এভাবে সর্বস্ব হারাতে হতো না।’
আজিজুরের স্ত্রী রহিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে তিন মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হয়েছে। তাই নিজে কোনো জমিজমা কিনতে পারেননি। এখন আমাদের মাথাগোঁজার আর কোনো ঠাঁই নেই।’
আজিজুর রহমানের বড় মেয়ে রাবেয়া খাতুনের বিয়ে হয়ে গেছে। তার আগে তিনি বিএ পাস করেছিলেন। দ্বিতীয় মেয়ে রাশেদা খাতুনও বিবাহিত। তিনি স্কুলশিক্ষক। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন।
মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, গত এক সপ্তাহে আজিজুরসহ এই ইউনিয়নের চার গ্রামের ১৬টি বাড়ি ধরলা নদীগর্ভে হারিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ-সহায়তা হিসেবে কিছু আর্থিক বরাদ্দ এবং অন্যান্য সহায়তা পাওয়া গেছে।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, বন্যা ও নদীভাঙনজনিত ক্ষয়ক্ষতির বিষয়ে সার্বিক তথ্য জেলা প্রশাসনসহ বিভিন্ন ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। তিনি বলেন, প্রাপ্ত সাহায্য (অর্থ ও অন্যান্য) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।