চোর শনাক্ত, শিশুটি উদ্ধার হয়নি ৪ দিনেও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাড়ে তিন মাস বয়সী শিশু চুরি করে নিয়ে যাওয়া নারীকে শনাক্ত করেছে পুলিশ। হাসপাতালের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে চার দিনেও শিশুটি উদ্ধার হয়নি।
শিশু চুরির মামলাটি তদন্ত করছে শাহবাগ থানার পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি এই মামলার ছায়া তদন্ত করছে। ছায়া তদন্তের তদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত গতকাল রোববার প্রথম আলোকে বলেন, শিশুটি চুরি করা নারীকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গত বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিন মাসের শিশু খাদিজা আক্তারকে কাপড় কিনে দেওয়ার কথা বলে এক নারী শিশুটির বড় বোন স্বর্ণা আক্তারের (১০) কোলে দিয়ে হাসপাতালের জরুরি বিভাগের বাইরে এনে শিশুটিকে নিজের কোলে তুলে নেন। এ সময় শিশুটির বড় বোনকে তার মাকে ডেকে আনতে পাঠিয়ে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।