চোর সন্দেহে পিটিয়ে হত্যা!
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার ভুরঘাটা মহল্লায় গতকাল শুক্রবার সকালে চোর সন্দেহে রাজু মিয়া (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজু মিয়া একই মহল্লার কছিম উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, চোর সন্দেহে লোকজন তাঁকে পিটিয়েছে। এ ঘটনায় রাজু মিয়ার বড় ভাই আছালত জামান বাদী হয়ে থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে দাবি করা হয়, পরিকল্পনা অনুযায়ী রাজু মিয়াকে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজু একই গ্রামের কয়েকটি বাড়িতে চুরি করেন৷ এরপর রাজা মিয়ার বাড়িতে চুরি করার জন্য সিঁধ কেটে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় বাড়ির লোকজন রাজুকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাঁকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। গতকাল সকালে মহল্লার প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাজুকে নিয়ে আসা হলে উত্তেজিত লোকজন তাঁকে পেটাতে থাকে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় কাউন্সিলর ইয়াকুব আলী বলেন, ‘রাজুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরি করা ও মাদক সেবনের অভিযোগ রয়েছে। তিনি কয়েকবার জেলও খেটেছেন। গতকাল চুরি করতে গিয়ে ধরা পড়লে জনগণ তাঁকে পেটায়। একপর্যায়ে তিনি মারা যান।’