চোর সাজিয়ে মহিলা ইউপি সদস্যকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়না পড়া দিয়ে চোর সাজিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জমিরউদ্দিন খান এক মহিলা ইউপি সদস্যকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ইউপি সদস্য গতকাল রোববার মৌখিকভাবে ঘটনাটি মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেছেন।
জমিরউদ্দিন রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মহিলা ইউপি সদস্য সরস্বতী বাড়ৈ জানান, তিনি আমগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওর্য়াডের সংরক্ষিত আসনের সদস্য। গত শুক্রবার বিকেলে জমিরউদ্দিন তাঁকে ফোন করে ইউপি কার্যালয়ে আসতে বলেন। এ সময় ইউপি কার্যালয়ে থেকে টাকা চুরির বিষয়ে সব ইউপি সদস্যকে ডাকা হয়েছে বলে তাঁকে জানানো হয়। তিনি তাঁর স্বামী হরিপদ বাড়ৈ ও ছেলে প্রসেনজিৎকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে গেলে ইউনিয়ন কার্যালয়ের ড্রয়ারে রাখা এক লাখ টাকা তিনি চুরির বিষয়ে তাঁকে অভিযুক্ত করা হয়। চুরির বিষয়টি অস্বীকার করলে চেয়ারম্যান তাঁকে গালিগালাজ করেন। পরে এক সাধুকে এনে আয়না পড়া দেওয়া হয়। আয়না পড়ায় কথিত সাধু ধ্যানমগ্ন হয়ে আয়নায় কপালে লাল রং দেওয়া এক নারীকে দেখেছেন বলে জানান। পরে চেয়ারম্যান তাঁকে ইউনিয়ন পরিষদে আটকে রাখেন। রাত নয়টার দিকে চুরির অপবাদ দিয়ে সবার সামনেই তাঁকে লাঠিপেটা করা হয়। লাঠিপেটার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।
সরস্বতী বাড়ৈ বলেন, ‘মিথ্যা অপবাদ দিয়ে জমিরউদ্দিন সবার সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। পরে লাঠি দিয়ে আমাকে মারধর করা হয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ইউপি চেয়ারম্যান জমিরউদ্দিন খান বলেন, আয়না পড়ার সময় ইউনিয়নের সব সদস্যই ছিলেন। এতে ওই মহিলা ইউপি সদস্য টাকা চুরি করেছেন বলে ধরা পড়েন। তাঁকে মারধর করা হয়নি।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল বলেন, ‘ওই ইউপি সদস্য আমার কাছে মৌখিক অভিযোগ করেছেন। আমি তাঁকে মামলা করার পরামর্শ দিয়েছি।’