চোরাই গাছ দিয়ে নৌকা তৈরির হিড়িক

কক্সবাজারের টেকনাফ সৈকতে সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিয়ে মাছ ধরার নৌকা তৈরির হিড়িক পড়েছে। ইতিমধ্যে প্রায় ৫০০ নৌকা তৈরি করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে উপকূলে জাটকাসহ পোনা মাছ নিধন চলছে। নৌকাগুলোর বিপরীতে কোনো লাইসেন্স না থাকলেও মৎস্য ও বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে।
গত ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর সৈকতে চোরাই কাঠ দিয়ে তৈরি করা তিন শতাধিক নৌকা দেখা গেছে। মিয়ানমার থেকে চোরাইপথে আনা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে এসব নৌকায় সাগর থেকে মাছ ধরা হচ্ছে। প্রতিটি নৌকায় জেলে শ্রমিক রয়েছে সাত থেকে ১২ জন। ৯০ শতাংশ জেলে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। সৈকত তীরের ঝাউবাগানের ভেতরে দেখা গেছে, ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বসতি। রোহিঙ্গারা ঝাউবাগানের ভেতরে চোরাই কাঠ দিয়ে একাধিক নৌকা তৈরি করছেন।
কারিগর রোহিঙ্গা নূর আজিজ ও মিয়া হোসেন বলেন, পার্শ্ববর্তী বনের গাছ আর সৈকতের ঝাউগাছ কেটে তাঁরা দুটি নৌকা তৈরি করছেন। গত আগস্ট মাসে তাঁরা নৌকা তৈরি করেন ১৮টি। প্রতিটি নৌকার বিপরীতে তাঁরা মজুরি পান সাত থেকে ১০ হাজার টাকা।
পার্শ্ববর্তী বড়ডেইল, জাহাজপুরা, মাথাভাঙা ও মহেশখালীয়াপাড়া ঝাউবাগানেও চোরাই কাঠ দিয়ে একাধিক নৌকা তৈরি করতে দেখা গেছে। এসব এলাকার সৈকতে মাছ ধরছে আরও শতাধিক নৌকা।
নৌকার বিপরীতে লাইসেন্স নাই কেন জানতে চাইলে জাহাজপুরার দিদারুল আলম (৪৫) বলেন, বনজঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে অধিকাংশ নৌকা তৈরি হয়েছে। এ জন্য স্থানীয় বনকর্মীদের ম্যানেজ করতে হয়। চোরাই নৌকার লাইসেন্স নিতে উপজেলা মৎস্য বিভাগে গেলে কর্মকর্তারা চট্টগ্রামের নৌবাণিজ্য অধিদপ্তরে যেতে বলেন। ফলে লাইসেন্স নেওয়া হয় না।
আরও কয়েকজন নৌকার মালিক বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে হয় বলে পুলিশকে মাসিক ভিত্তিতে চাঁদা দিতে হয়। অন্যথায় রোহিঙ্গা শ্রমিকদের মাছ ধরতে দেওয়া হয় না।
শাপলাপুর নৌঘাট নৌকা মালিক সমিতির সভাপতি মমতাজুল ইসলাম বলেন, দেশীয় শ্রমিক না থাকায় রোহিঙ্গাদের নিয়োগ দেওয়া হয়। তবে কোনো নৌকায় লাইসেন্স নেই। কিছু নৌকা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে মাছ ধরছে।
বনাঞ্চল উজাড় করে ঝাউবাগানে নৌকা তৈরি প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় শীলখালী বনরেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, টেকনাফ বনাঞ্চলের গাছ দিয়ে নৌকা তৈরি হচ্ছে না। তবে অন্য এলাকা থেকে গাছ সংগ্রহ করে কিছু নৌকা তৈরি হচ্ছে। এর বিপরীতে ঘুষ গ্রহণের অভিযোগ ভিত্তীহীন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ বলেন, নৌযানের লাইসেন্স দেওয়া বা লাইসেন্সবিহীন নৌযান তদারকির দায়িত্ব চট্টগ্রাম মার্কেন্টাইল মেরিন বিভাগের।
চট্টগ্রাম মার্কেন্টাইল মেরিন বিভাগের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার সিরাজুল ইসলাম বলেন, টেকনাফ সৈকতে মাছ ধরার কয়েক শ নৌযানের লাইসেন্স নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য একটি দল টেকনাফ পাঠানো হচ্ছে।
স্থানীয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা শ্রমিক দিয়ে মাছ ধরা হলেও পুলিশের করার কিছু থাকে না। কারণ শাপলাপুর ঝাউবাগানের ভেতরেই বসতি করছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। এদের নিয়ন্ত্রণ করাও কঠিন। নৌকা থেকে পুলিশের ঘুষ নেওয়ার অভিযোগও সত্য নয়।