চোরাই পথে আসছে ভারতীয় কাপড়
ঈদের বাজার সামনে রেখে দেশে প্রতিদিন ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি, তৈরি পোশাক ও ছিটকাপড় (থান) আসছে৷ মৈত্রী ট্রেনের যাত্রী হয়ে লাগেজ পার্টির সদস্যরা এবং সীমান্তপথে চোরাকারবারিরা চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী জেলার সীমান্তপথে এসব পণ্য আনছেন৷ আবার একটি সংঘবদ্ধ চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে এসব পণ্যকে বৈধ দেখিয়ে বাংলাদেশে বিপণন করছে৷
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে প্রতিদিন এসব পণ্য আটক হলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বড় একটি অংশই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে৷ সম্প্রতি এসব পণ্য আনার পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে৷ অভিযোগ রয়েছে, বিজিবি ও শুল্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের সহায়তায় এসব চোরাকারবারি হচ্ছে৷
গত ১৯ জুন বিজিবি-৬ চুয়াডাঙ্গার একটি বিশেষ টহল দল ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ট্রাক থেকে ভারতীয় পাঁচ হাজার ২০০টি শাড়ি, ৩৫টি থ্রি-পিস ও ১০ হাজার ২০০ মিটার থানকাপড় আটক করে৷ বিজিবির ভাষ্য অনুযায়ী, এসব মালামালের মূল্য চার কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা৷ বিজিবি জানায়, এসব মালামাল যশোরের বেনাপোল থেকে ঢাকার ইসলামপুরের সৈয়দ আওলাদ হোসেন লেনের হায়া-দোলন এসি মার্কেটের একটি দোকানের ঠিকানায় পাঠানো হয়েছিল৷ মালামাল আটকের সময় ট্রাক থেকে ঋণপত্র এবং বেনাপোল যৌথ চেকপোস্ট ক্রস সনদ উদ্ধার করা হয়৷ এতে বেনাপোল কাস্টম হাউসের তিনজন সহকারী রাজস্ব কর্মকর্তা এসএম সারাফাত হোসেন, মো. আবদুস সিদ্দিক ও শিবানী রায় এবং গুদাম কর্মকর্তা মো. রুহুল আমীনের সিল ও স্বাক্ষরিত কাগজ উদ্ধার করা হয়। বিজিবির কর্মকর্তারা খোঁজ নিয়ে জেনেছেন কাগজপত্রগুলোর সবই ছিল ভুয়া৷
বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, চোরাকারবারিরা এতটাই নিখঁুত করে কাগজপত্র তৈরি করেছেন যে তা ভালোভাবে না দেখলে বোঝার উপায় নেই, সেটি আসল না নকল৷
দর্শনা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, নানান সীমাবদ্ধতার মধ্যেই কাজ করতে হচ্ছে৷ গত ৩ থেকে ১৭ জুন পর্যন্ত তল্লাশি চালিয়ে শুল্ক বিভাগের নিয়মানুযায়ী কর ফাঁকির অভিযোগে মৈত্রী ট্রেনের ৮০ জন পাসপোর্টধারী যাত্রীর মালামাল আটক করা হয়৷
বিজিবি-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি জুন মাসেই (২০ জুন পর্যন্ত) পাঁচ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ৫৬৫ টাকা মূল্যমানের ভারতীয় পণ্য আটক করেছেন তারা৷ এর মধ্যে বেশির ভাগই শাড়ি, তৈরি পোশাক ও থানকাপড়।
বিজিবির যশোর অঞ্চলের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান বলেন, চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করায় বিজিবিকেও কৌশল পাল্টাতে হচ্ছে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি সফল অভিযান চালানো হয়েছে৷