কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে গতকাল সোমবার ভোরে প্রায় ৩০ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় ইয়াবা পাচারকারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন৷
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে—এ খবরের ভিত্তিতে বিজিবির একদল সদস্য রাত তিনটার দিকে মগপাড়া গ্রামে অবস্থান নেন৷ ভোর চারটার দিকে ছয়-সাতজন ব্যক্তি নাজিরপাড়ার মগপাড়া মাঠের পূর্ব দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল৷ এ সময় বিজিবির সদস্যরা একটি ব্যাগসহ মোহাম্মদ আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেন৷ তবে অন্যরা পালিয়ে যায়৷ পরে ওই ব্যাগে ২৯ হাজার ৬৯৮টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাদাত বলেন, উদ্ধার করা ইয়াবাসহ আটক পাচারকারীকে নাজিরপাড়ার বিওপিতে নেওয়ার সময় পাচারকারীরা বিজিবির সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল ও ধারালো অস্ত্রের আঘাতে বিজিবির হাবিলদার মো. আবদুল মজিদ ও সেপাই মো. ইউসুফ আলী মণ্ডল আহত হন৷