আদালতের আদেশ ছাড়া বিচারাধীন মামলার আলামত নষ্ট করার অভিযোগে পুলিশ, বন্দর, কাস্টমসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত৷
চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মেছবাহ উদ্দিন আহমেদ গত মঙ্গলবার মামলা করার নির্দেশ দেন৷ নির্দেশে বলা হয়েছে, মামলা বিচারাধীন থাকা অবস্থায় আদালতের আদেশ ছাড়া আলামতের নমুনা না রেখে ধ্বংস করা ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন৷
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার আদেশের অনুলিপিসহ যাবতীয় কাগজপত্র সংশ্লিষ্ট মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে৷
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাস্টম কর্মকর্তা মো. মকবুল হোসেন (অবসরপ্রাপ্ত), নু চ প্রু, ওয়ালিউর রহমান, কাজী ফরিদউদ্দিন, মো. মতিউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর তৎকালীন সুপারিনটেনডেন্ট আইউব আলী মিয়া, সিটি করপোরেশনের তৎকালীন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ কাতেবী, চট্টগ্রাম বন্দরের তৎকালীন স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, বন্দর জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার জিয়াউল কবির, জেলা প্রশাসক কার্যালয়ের তৎকালীন ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান, বিডিআরের (বর্তমানে বিজিবি) হালিশহরের তৎকালীন উপপরিচালক মোবারক আলী সরকার, পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ মকবুল হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রমজান আলী৷
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের ১৮ মার্চ আনোয়ারা পারকিবাজার থেকে ৭৯৫ বোতল বিদেিশ মদসহ তিনজনকে আটক করে কোস্টগার্ড৷ সেদিনই পূর্ব কোস্টগার্ডের তৎকালীন লেফটেন্যান্ট কমান্ডার মো. আসাদুজ্জামান আনোয়ারা থানায় মামলা করেন এবং আলামতগুলো চট্টগ্রাম কাস্টমসের তৎকালীন কাস্টোডিয়ান মকবুল হোসেনের কাছে জমা দেন৷ মামলাটি তদন্ত করেন আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী৷ তদন্তের সময় তিনি আলামতগুলো কাস্টমস থেকে সংগ্রহ করেননি এবং আদালতের মালখানায়ও পাঠাননি৷
সূত্র জানায়, বর্তমানে মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল-৩-এ বিচারাধীন৷ গত ১২ জানুয়ারি মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আদালতে আলামত প্রদর্শনের জন্য মালখানায় রিকুইজিশন পাঠান রাষ্ট্রপক্ষের কৌঁসুিল৷ কিন্তু সেখানে আলামত পাওয়া যায়নি৷ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পরে আদালত জানতে পারেন আলামতগুলো চট্টগ্রাম কাস্টমসের জিম্মায় আছে৷ এরপর কয়েক দফা নির্দেশনা ও কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পর কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়, আদালতের অনুমতি ছাড়াই সেগুলো ধ্বংস করা হয়েছে৷
কাস্টমসের কাস্টডিয়ান শাখার উপস্থাপিত নথিপত্রে উল্লেখ করা হয়, ২০০৭ সালের ২৬ জুন মোট চার হাজার ১৬৬ বোতল মদ ধ্বংস করা হয়৷ এর মধ্যে মামলার আলামত ৭৯৫ বোতল মদও রয়েছে৷
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হরিপদ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, কাস্টমসের জবাবে আদালত সন্তুষ্ট হতে পারেননি৷
আদালত আদেশে বলেন, কাস্টডিয়ান কর্তৃপক্ষ আদালতের আদেশ ছাড়া জেনে-শুনে আসািমদের মাধ্যমে প্রলুব্ধ হয়ে মামলার দায় থেকে আসািমদের রক্ষা করতে আলামত ধ্বংস করেছেন৷ অথবা পরস্পর যোগসাজশে আলামত গোপন করে সৃজিত ও যোগসাজশী প্রতিবেদন দিয়েছেন, যাতে আসািমরা সুবিধা পান৷
আদালতের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছিলেন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নু চ প্রু৷ প্রথম আলোকে তিনি বলেন, ‘ওই সময়ে আমি দায়িত্বে ছিলাম না৷ তবে তখনকার নথি থেকে জেনেছি, কোস্টগার্ড বোতলগুলো কাস্টমসকে জমা দিয়েছিল৷ সেগুলো যে মামলার আলামত, তা তখন জানায়নি৷ এ ছাড়া আনোয়ারা থানাও কাস্টমকে এ বিষয়ে কিছু জানায়নি৷ সে কারণে কমিটির মাধ্যমে সেগুলো ধ্বংস করে ফেলা হয়৷’
যোগাযোগ করা হলে চট্টগ্রাম কাস্টমসের ধ্বংসযোগ্য পণ্য বিনষ্টকরণ-সংক্রান্ত কমিটির তৎকালীন আহ্বায়ক মতিউর রহমান বলেন, বিচারাধীন মামলার আলামতের নমুনা সংরক্ষণের দায়িত্ব কাস্টমসের কাস্টডিয়ান শাখার৷ তাদের দেওয়া ধ্বংসযোগ্য পণ্যের তালিকা অনুযায়ী পণ্যগুলো ধ্বংস করা হয়৷ কমিটির জানার সুযোগ নেই, কোনটি বিচারাধীন মামলার আলামত৷
রাষ্ট্রপক্ষের কৌঁসুিল হরিপদ চক্রবর্তী বলেন, আদালতের আদেশ ছাড়া আলামত নষ্ট বা গায়েব হওয়ায় বিচার ব্যাহত হবে এবং এতে আসািমদের পার পেয়ে যাওয়ার আশঙ্কা থাকে৷