মানব পাচার বন্ধ করা, মাদক এবং গরু পাচার রোধে সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবৈধ এই কাজ থেকে ফিরে আসারও আহ্বান জানান তাঁরা। গতকাল রোববার বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করে বিজিবি।
সভায় বিজিবির কর্মকর্তারা বলেন, ভারত সীমান্তবর্তী ছাগলনাইয়ার মোকামিয়া সীমান্ত হাটে মাদকসহ অবৈধ কোনো পণ্যের বেচাকেনা যাতে না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। তাঁরা বলেন, গত ছয় মাসে মাদকসহ চোরাচালানির সঙ্গে জড়িত থাকার দায়ে ২৫০ জনকে শাস্তি দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য। সন্ত্রাস-জঙ্গিবাদ সম্পর্কেও স্থানীয় মানুষকে সচেতন থাকতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, সরাইল উত্তর-পূর্ব রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) লে. কর্নেল মো. আতিকুর রহমান।
এ ছাড়া আরও বক্তব্য দেন ফেনীর ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়দুর রেজা, ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিলীপ কুমার দেবনাথ। সভায় উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।