চোরাচালান রোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান বিজিবির
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল সোমবার দিনাজপুরের হিলি সিপি ক্যাম্পে ‘সীমান্ত নিরাপত্তা এবং মাদক, মানব ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ’ শীর্ষক এক সভা করেছে। এতে মাদক চোরাচালান রোধে পৌরসভার ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানানো হয় বিজিবির পক্ষ থেকে।
৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর-বিষয়ক সম্পাদক জামিল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক টগর মল্লিক, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান প্রমুখ। স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে সভাটি হয়।
কর্নেল খালেকুজ্জামান বলেন, অস্ত্র দিয়ে কখনোই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নিরাপত্তার জন্য প্রয়োজন সব শ্রেণি-পেশার সচেতন মানুষের সম্পৃক্ততা। সমাজের সব মানুষ নিজ নিজ অবস্থান থেকে ইমানের সঙ্গে দায়িত্ব পালন করলেই দেশের নিরাপত্তা নিশ্চিত হবে।
ইউএনও আজহারুল ইসলাম সীমান্তপথে মাদক চোরাচালান সম্পর্কে বলেন, হিলিতে এটি সম্ভব না। এখানে আগে মাদক নিয়ন্ত্রণে যে কমিটি করা হয়েছিল, সেখানে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীর সংখ্যাই বেশি ছিল। তারাই কমিটি নিজ স্বার্থে ব্যবহার করতেন।
থানার ওসি মোখলেছুর রহমান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের যে কমিটি রয়েছে, সেখানেও মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীরা সংখ্যাগুরু।
বন্দর নেতা জামিল হোসেন বলেন, দীর্ঘ ২৬ বছর আগে স্থাপিত হলেও স্থলবন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় মানুষের কর্মসংস্থান হচ্ছে না। বন্দরের উন্নয়ন করে কর্মসংস্থান করা হলে মাদক ও চোরাচালান নির্মূল হবে।