চোরাচালানিদের হামলায় বিজিবি সদস্য আহত
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানিরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে কুপিয়ে জখম করেছে৷ গত সোমবার রাতে সীমান্তের মুচিবাড়ি এলাকায় বিজিবির সদস্যরা ফেনসিডিলের বোতল জব্দ করলে চোরাচালানিরা তাঁদের ওপর হামলা চালায়৷ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজিবি চারজনকে আটক করেছে৷
বিজিবির আহত সদস্যের নাম শরণ কুমার ৷ তিনি বিজিবির ২৬ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক হিসেবে কর্মরত আছেন৷ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিজিবি চারজনকে আটক করে বেনাপোল বন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। একই ঘটনায় বিজিবি ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আটটার দিকে সীমান্তের মুচিবাড়ি বিজিবি পোস্টের সামনে দিয়ে একদল চোরাচালানি ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে বাংলাদেশে ঢোকে। এ সময় বিজিবির সদস্যরা চোরাচালানিদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির দুই সদস্য ফেলা যাওয়া বস্তা থেকে ১৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিিবর বেনাপোল প্রধান ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। রেলগেট এলাকায় পৌঁছালে ১০-১২ জন চোরাচালানি তাঁদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তারা শরণের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। হামলার শিকার হওয়া বিজিবির সদস্যরা বাঁশি বাজায়৷ বাঁশির শব্দ শুনে অন্য পোস্ট থেকে বিজিবির সদস্যরা সেখানে এলে হামলাকারীরা পালিয়ে যায়।