চোরে না শোনে ধর্মের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী শেফালী এবং দুই ছেলে আরাফ ও এনামকে চার দিন ধরে খুঁজে ফিরছেন সৈয়দ মোহাম্মদ সাদী। সোমবার পিনাক-৬ লঞ্চ ডুবে যাওয়ার সময় দুই হাতে ধরে রাখা দুই ছেলে মুহূর্তেই ছুটে যায়। সাদীর প্যান্টের পেছনের দিকে ধরে রেখেছিলেন স্ত্রী। প্যান্টের পকেট ছিঁড়ে কখন যে হারিয়ে যান তিনি। ভেসে উঠলে মাওয়া ঘাটের স্পিডবোট চালকেরা সাদীকে উদ্ধার করেন। তাঁর বাড়ি ফরিদপুরের সালথা উপজেলায়।
লঞ্চডুবির পর এই বর্ণনা পত্রপত্রিকায় ছাপা হয়েছে। পরিবারের সবাইকে হারিয়ে পাগলপ্রায় মোহাম্মদ সাদী। গতকাল মাদারীপুরের শিবচরের পাঁচ্চর স্কুল মাঠে দেখা হলো তাঁর সঙ্গে। এখানেই লঞ্চডুবির সব নিহতের লাশ এনে রাখা হচ্ছে।
রাজধানীর একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা সাদী জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে ফোন করে জানান, এক ব্যক্তি থানায় ফোন করে জানিয়েছেন, সাদীর বড় ছেলে ও স্ত্রী জীবিত রয়েছেন। ওসি একটি ফোন নম্বর নিয়ে সাদীকে যোগাযোগ করতে বলেন। সাদী সঙ্গে সঙ্গেই সেই নম্বরে ফোন করেন। পরিচয় দেওয়ার পর ওই প্রান্ত থেকে বলা হয়—
আপনার মনকে শক্ত করুন। আপনার জন্য কয়েকটি খবর আছে।
—আমার মন শক্ত আছে, আপনি বলেন।
আমি ঢাকা জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। আপনার ছোট ছেলে মারা গেছে। তবে বড় ছেলে আরাফ ও স্ত্রী শেফালী জীবিত আছেন। এখন তাঁরা ঢাকার পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে) চিকিৎসাধীন আছেন। আপনার বড় ছেলে আরাফ অনেক পানি খেয়েছে। তাঁর লিভারে সমস্যা হয়েছে। আধা ঘণ্টার মধ্যে অপারেশন করাতে হবে। এক্ষুনি ১৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান।
সাদী প্রথম আলোকে বলেন, ‘বিকাশে টাকা পাঠানোর কথা শুনে আমার মনে সামান্য সন্দেহ জাগে। বলি, আপনি কোথায় আছেন বলেন, আমার লোক গিয়ে আপনাকে টাকা দিয়ে আসবে। স্ত্রী-সন্তানকে বাঁচাতে প্রয়োজনে লাখ টাকা দেব। লোকটি শুধু বিকাশে টাকা পাঠানোর জন্য তাড়া দিচ্ছিলেন। একপর্যায়ে বলেন, টাকা না দিলে আপনার ছেলের ক্ষতি হয়ে যেতে পারে। তখন আমাকে দায়ী করতে পারবেন না।’
সঙ্গে সঙ্গে সাদী বিষয়টি ওসিকে জানান। এরপর কয়েকবার ফোন করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে ফরিদপুরের সালথা থানার ওসিকে ফোন করা হয়। বিষয়টি শুনেই ওসি প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যস্ত আছি। পরে যোগাযোগ করেন।’
সাদী প্রথম আলোকে বলেন, ‘সন্দেহ হচ্ছিল। আবার স্ত্রী-সন্তানদের কথা শুনে মনও মানছিল না। আত্মীয়দের বিষয়টি জানালাম। তাঁরা কয়েকজন পিজি হাসপাতালে গিয়ে খোঁজাখুঁজি করেও আরাফ বা শেফালীকে পাননি।’
গতকাল বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় সাদীর মোবাইলে একটি ফোন আসে। শুকনো গলায় সাদী বললেন, ‘দোয়া করেন ভাই, লাশ যেন না পাই। লাশের যেই অবস্থা, এ আমি দ্যাখবো ক্যামনে।’
বিকেল পাঁচটার দিকে শরীয়তপুরের ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে আসা দুটি লাশ থেকে একটি সাদী শনাক্ত করেন তাঁর ছোট ছেলে এনামের লাশ হিসেবে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের পিকআপ ভ্যানে আসে এক নারীর লাশ। যেটি সাদী তাঁর স্ত্রী শেফালীর বলে শনাক্ত করেন। এরপর শুরু করেন কান্না।