চোরের কোল থেকে মায়ের কোলে
চট্টগ্রাম থেকে চুরি হওয়ার আট দিন পর চোরের কোল থেকে মায়ের কোলে ফিরে গেল নয় মাস বয়সী শিশু মোহাম্মদ শাহ। গতকাল বুধবার দুপুরে মা মিনু বেগম ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে কান্নায় ভেঙে পড়েন। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ নগরের বুলনপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।
শিশুটিকে চুরির অভিযোগে পুলিশ গৃহবধূ শারমিন আক্তার (২৫) ও তাঁর স্বামী শফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি নগরের বুলনপুর এলাকায়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শারমিনের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাঁর স্বামীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ার পর শারমিন পুলিশকে জানান, শিশুটির বাবা ইসমাইল হোসেনের কাছে কবিরাজি চিকিৎসা নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর প্রতিশোধ নিতে তিনি শিশুটিকে একা পেয়ে কোলে করে পালিয়ে আসেন।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জাহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারীতে দরজির কাজ করতেন। এ সময় তিনি ও তাঁর স্ত্রী ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ১৬ ডিসেম্বর মা-বাবার চোখকে ফাঁকি দিয়ে শারমিন ও শফিকুল শিশুটিকে নিয়ে পালিয়ে রাজশাহীতে আসেন। এ বিষয়ে ১৮ ডিসেম্বর হাটহাজারী থানায় একটি মামলা হয়।