চোর-আতঙ্ক, শোবার ঘরে গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পেমারচর গ্রামের হোসেন মিয়া৷ পেশায় বর্গাচাষি। তাঁর জীবিকার অন্যতম অবলম্বন ছিল হালের দুটি গরু। এক সপ্তাহ আগে একটি চুরি যায়। চুরি যাওয়া থেকে রক্ষা করতে হোসেন এখন অপর গরুটি গোয়ালে না রেখে বসতঘরেই রাখছেন। ওই ঘরটিতেই তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঘুমান।
শুধু পেমারচরের হোসেন মিয়া নয়, কাজীরচর, বৈরাগীরচর, চরআলগী এবং রামদি গ্রামের অনেকেই বসতঘরে গরু নিয়ে ঘুমাচ্ছেন৷ গ্রামগুলো উপজেলার মসুয়া ইউনিয়নের ভেতরে এবং ইউনিয়নসংলগ্ন এলাকায় অবস্থিত৷ এসব এলাকায় মানুষের প্রধান সমস্যা গরু চুরি৷
হোসেন মিয়া (৪০) বলেন, ‘দুইটা তালা মারছি। একটা গরুর শরীরে। একটা গোয়াল ঘরের দরজায়। এরপরও রক্ষা হয় নাই।’ গত রোববার সরেজমিনে জানা গেছে, গত ছয় মাসে গ্রামগুলো থেকে কমপক্ষে ১০০টি গরু চুরি গেছে। গ্রামবাসী জানান, সম্প্রতি কাজীরচর উত্তরপাড়ার সাইদুর রহমানের একটি, হাবিবুর রহমানের একটি, রতন মিয়ার একটি, আবু হানিফার দুটি গরু চুরি হয়েছে। পেমারচর থেকে খোরশেদ মৌলভী, এনামুল হক, আবদুল আওয়াল, রমজান মিয়া, হোসেন মিয়া, জ্যোৎস্না বেগম এবং আলতু মিয়ার একটি করে গরু চুরি হয়েছে।
ওই গ্রামগুলোর চারপাশে রয়েছে নরসিংদীর চরমান্দালিয়া ও খিদিরপুর ইউনিয়ন এবং গাজীপুরের কাপাসিয়ার বাড়িসাবর ইউনিয়নের আড়ালিয়া ও লেবুতলা গ্রাম। ওই সব অঞ্চলের কিছু অপরাধী গরুচোরের সিন্ডিকেট গড়ে তুলেছে বলে জানালেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। এক পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদ আর কটিয়াদী-গাজীপুর আঞ্চলিক সড়ক থাকার কারণে চোরেরা দ্রুত গরু নিয়ে সরে যেতে পারছে৷ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘থানায় নালিশ করে গরু ফিরে পাবার ইতিহাস না থাকায় কেউ আর থানামুখী হয় না।’
জানতে চাইলে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান বলেন, ‘এই তথ্য আমার জানা ছিল না। এখনই খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কটিয়াদী থানার পুলিশকে বলছি।’