চৌগাছায় বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর এলাকায় বাসের ধাক্কায় আবদুল মান্নান নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। মান্নান চৌগাছার পিতম্বরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। সে উপজেলার গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের নবম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মান্নান মোটরসাইকেলে বাড়ি থেকে ঝিকরগাছার দিয়ে যাচ্ছিল। চাঁদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কায় দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বাসটি জব্দ করে চালক জিয়াউর রহমানকে (৩৫) গণপিটুনি দেন ও বাসে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে আগুন নেভায়। গুরুতর অবস্থায় জিয়াউরকে পুলিশ হেফাজতে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘বাসের ধাক্কায় স্কুলছাত্র মান্নানের মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ লোকজন বাসে আগুন দিয়ে চালককে মারধর করেছে। আহত অবস্থায় চালক জিয়াউরকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।