চৌদ্দগ্রামে অপহৃত ইউপি সদস্যের লাশ উদ্ধার
অপহরণের পরদিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আলমের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার লক্ষ্মীপুর সেতুর নিচে তাঁর লাশ পাওয়া যায়। নুরুলের বাড়ি পশ্চিম ডেকরা গ্রামে।
নুরুলের স্ত্রী হোসনে আরা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে একদল মুখোশধারী লোক নুরুলকে তাঁর বাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। নুরুলের বাবা সামছুল আলম ওই দিন সকালেই চৌদ্দগ্রাম থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। কিন্তু বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও নুরুলের খোঁজ পায়নি পুলিশ। বিকেলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে নুরুলকে হত্যা করা হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল নয়টার দিকে লক্ষ্মীপুর সেতুর নিচে নুরুলের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
হোসনে আরা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে তাঁর স্বামী নুরুলকে হত্যা করা হয়ে থাকতে পারে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী গতকাল বিকেলে জানান, নুরুলের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নুরুলের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় দুটি মামলা রয়েছে। তাঁকে হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।