চৌদ্দগ্রামে বাস উল্টে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ-সংলগ্ন ট্রেনিং সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মিতালী গ্রামের মেছের আলীর ছেলে সানোয়ার হোসেন (৫০), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক (২৯) ও চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী মঞ্জুয়ারা বেগম ওরফে মনুজা (৫৬)। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে জেলা প্রশাসনের পক্ষে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুর রহমান পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
জানা গেছে, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ (চট্টমেট্রো-ব-১৪-২০৮৯) শনিবার রাতে ঢাকার আবদুল্লাহপুর থেকে চট্টগ্রামের কাপ্তাইয়ের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে রাত পৌনে চারটায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চৌদ্দগ্রাম উপজেলা ট্রেনিং সেন্টারের সামনে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিন যাত্রী নিহত ও অন্য ১৩ যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। পরে মারাত্মক আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই বিকেলে লাশ হস্তান্তর করা হয়েছে।
গতকাল রোববার সকাল নয়টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা গেছে, মেঝেতে শুয়ে আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সিরাজগঞ্জের বাসিন্দা বরকত উল্যাহ মাসুম। তিনি বলেন, ‘রাত ১০টায় বসুন্ধরা এলাকা থেকে বাসে উঠি। সঙ্গে আমার বন্ধু একই বিভাগের শিক্ষার্থী রিয়াজ আহমেদ। বাসটি চৌদ্দগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। বাসের বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।’
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।