চৌদ্দগ্রামে বিএনপির প্রার্থীর গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির মেয়র পদপ্রার্থী গোলাম মুহাম্মদ রাব্বানীর প্রচারণায় ব্যবহৃত মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। একই দিন চান্দিনা উপজেলা বাজারে বিএনপির কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে।
গতকাল সোমবার বেলা একটার দিকে চৌদ্দগ্রামের ৬ নম্বর ওয়ার্ডের চাটিতলা এলাকায় হামলার ঘটনা ঘটে। এর জন্য গোলাম রাব্বানীর মা ঢাকা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারীকে দায়ী করেছেন।
বেগম মেহেরুন্নেছা হক বলেন, রাব্বানীর প্রচারণায় ব্যবহৃত মাইক্রোবাসটি চাটিতলা এলাকায় আসামাত্র লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে এর সব কাচ ভাঙচুর করা হয়। একই সঙ্গে গাড়িতে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় গাড়ির চালক জাহিদুল ইসলাম (৪০), বিএনপির কর্মী মাকসুদুর রহমান (২৮) ও সোহাগ মিয়া (২৭) আহত হন। মাকসুদুর ও সোহাগকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারীর অনুসারীরা এ হামলা চালিয়েছেন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইমাম হোসেন বলেন, ‘আমার লোকজন কারও গাড়িতে হামলা করেনি।’
চৌদ্দগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপি সূত্র জানায়, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে চান্দিনা বাজারে উপজেলা বিএনপি কার্যালয়ের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকসহ কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা-কর্মীরা ছিলেন। তাঁরা সেখানে বিএনপির মেয়র পদপ্রার্থী আলমগীর খানের পক্ষে বৈঠক করছিলেন। ককটেল বিস্ফোরণের পরপরই দলীয় কার্যালয়ের নিচে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মফিজুল ইসলামের নেতৃত্বে নৌকা প্রতীকের মিছিল হয়। এ সময় তিনি ওই এলাকায় গণসংযোগও করেন। এর কিছুক্ষণ পর বিএনপি কার্যালয়ে যান নির্বাহী হাকিম মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল হক ও চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মফিজুল ইসলাম বলেন, ‘আমাদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন।’