চৌদ্দগ্রামে মহাসড়ক অবরোধ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সফুয়া এলাকার পোশাক কারখানা আমির শার্টস গার্মেন্টস লিমিটেডে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে গতকাল বুধবার সকালে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
আমির শার্টস গার্মেন্টস লিমিটেডের অন্তত তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত মঙ্গলবার দুপুরে সফুয়া এলাকার কয়েকজন সন্ত্রাসী কারখানায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে কারখানার এক কর্মকর্তাকে মারধর করা হয়। একই সঙ্গে কারখানার আসবাব ভাঙচুর করে সন্ত্রাসীরা।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে কারখানার শ্রমিকেরা মিছিল বের করেন ও মহাসড়কে অবস্থান নেন। সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। চৌদ্দগ্রাম থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, যারা চাঁদা দাবি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।