চৌদ্দগ্রামে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার মামলাগুলো করা হয়। তিন মামলাতেই দলটির ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারী প্রধান আসামি।
পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি, মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় একটি ও মাইক্রোবাস পোড়ানোর ঘটনায় আরেকটি মামলা করা হয়। এসব মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন ৫ নম্বর ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী ইমতেয়াজ সরওয়ার ওরফে তুষার, কামাল উদ্দিন, শাহাবুদ্দিন পাটোয়ারী, শাখাওয়াত হোসেন ওরফে রহিম পাটোয়ারী ও খোরশেদ আলম পাটোয়ারী।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, পুলিশের কাজে বাধা ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শংকর তালুকদার বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসমাইল হোসেন ওরফে বাচ্চু এবং মাইক্রোবাস পোড়ানোর ঘটনায় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল হালিম বাদী হয়ে মামলা করেন। ওই মামলাগুলোতেও একই ব্যক্তিদের আসামি করা হয়েছে।
গত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান ও মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে চৌদ্দগ্রাম বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।