চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে বাসের পাঁচ যাত্রী নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। গত শনিবার রাত আনুমানিক সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, চট্টগ্রাম থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস শনিবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার নোয়াবাজার এলাকায় মহাসড়কের ওপর দাঁড়ানো একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় আহত হন ১৪ জন বাসযাত্রী। পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতেই মারা যান দুজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুজন। নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আনসার ফকির ওরফে রাসেল ও বাগেরহাট সদর উপজেলার সুজন মিয়া।
এদিকে গতকাল রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান সূচনা (৭) নামের এক কন্যাশিশু। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামে। সে ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে। অজ্ঞাত দুই ব্যক্তির লাশ সদর দক্ষিণ মডেল থানায় রয়েছে।
সুনামগঞ্জ অফিস জানায়, সদর উপজেলার হালওয়ারগাঁও এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন অটোরিকশার চালক মুজিবুর রহমান (২৫)। তাঁর বাড়ি জেলার জামালগঞ্জ উপজেলার তেলিয়া গ্রামে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থলেই মুজিবুর মারা যান। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।