চৌমুহনীতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে নুসরাত জাহান ওরফে সাইমা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের কলেজ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কলেজ রোডের মফিজ কন্ট্রাক্টরের বাড়ির গৃহপরিচারিকা শিল্পী আক্তারের মেয়ে নুসরাত জাহান খেলতে গিয়ে নিচে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। বাড়ির সদস্যরা প্রথমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ট্যাংকের ঢাকনা না থাকায় শিশুটি খেলতে গিয়ে সেখানে পড়ে যায়। পরে তাঁরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।