চৌমুহনীর লড়াইয়ে এক ভবনের দুই বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

একই ভবনে থাকেন তাঁরা। নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় আপন নিবাস হাউজিংয়ে তাঁদের বাসা। একজন দোতলায়, আরেকজন ষষ্ঠতলায়। একই ছাদের নিচে থাকার কারণে দুজনের সম্পর্কও বেশ। কিন্তু ভোটের মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বী তাঁরা।
চৌমুহনী পৌরসভা নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে লড়ছেন এই দুজন। একজন হলেন বর্তমান মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সল। তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী। আরেকজন পৌর বিএনপির সভাপতি মো. জহির উদ্দিন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে আছেন।
এই পৌরসভার নির্বাচনে মাঠের লড়াইয়ে রয়েছে তীব্র উত্তেজনা। স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটের মাঠে প্রধান দুজন প্রতিদ্বন্দ্বী কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। সরকারি দলের প্রার্থী আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিএনপির প্রার্থীর ওপর চাপ তৈরি করার। বিএনপির নেতা-কর্মীদের নানাভাবে হয়রানির অভিযোগও উঠেছে। বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় হামলার অভিযোগ আছে। রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে ‘নিরাপত্তাহীন’ বিএনপির প্রার্থী ইতিমধ্যে পুলিশি প্রহরা পেয়েছেন। পুলিশি প্রহরায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখন নির্বাচনী প্রচারে সেভাবে বাধা পাচ্ছি না। তবে আমার কর্মীদের ওপর নানাভাবে চাপ তৈরি করা হচ্ছে। নির্বাচন যতই কাছে আসছে, এই চাপ আরও বাড়ছে। মামলা-হামলার ভয় দেখিয়ে তাঁদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল নিয়েছেন প্রতিপক্ষ প্রার্থী।’ তিনি আরও বলেন, ‘আমরা আচরণবিধি মেনে নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছি। কিন্তু সরকারি দলের প্রার্থী আচরণবিধির তোয়াক্কা করছেন না। যেখানে-সেখানে পোস্টার লাগানো থেকে শুরু করে আমার কর্মীদের বাধা দেওয়ার মতো ঘটনা তাঁরা ঘটাচ্ছেন।’
তবে এ অভিযোগ অস্বীকার করেন সরকারি দলের প্রার্থী আক্তার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, এখন জনগণের কাছে যাওয়া ছাড়া কোনো কাজ নেই। বিএনপির প্রার্থী পুলিশি প্রহরা নিয়ে চলাফেরা করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘আমি তো বলতে পারি, নির্বাচন কমিশন আমার প্রতিই বিমাতাসুলভ আচরণ করছে। তবে আমি বলব, আমার কোনো পুলিশি প্রহরার প্রয়োজন নেই। জনগণই আমার শক্তি।’
নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা ও চৌমুহনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে হামলার অভিযোগ পাওয়ার পর বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে রিপোর্ট দিতে বলেছিলাম। তিনি বিষয়টি তদন্তের পর জানিয়েছেন, হামলার সত্যতা পাওয়া গেলেও কারা হামলায় জড়িত, তা চিহ্নিত করা যায়নি।’ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট প্রার্থীকে পোস্টার সরিয়ে নেওয়ার কথা মৌখিকভাবে বলেছি। তিনি এ বিষয়ে উদ্যোগ না নিলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রগুলো বলছে, ২০১৪ সালে সাবেক মেয়র মামুনুর রশীদ সাংসদ নির্বাচিত হওয়ার পর চৌমুহনী পৌরসভায় উপনির্বাচন হয়। ওই উপনির্বাচনে আক্তার হোসেন মেয়র নির্বাচিত হন। সেখানেও তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জহির উদ্দিন। সে সময়ও নির্বাচনে প্রভাব বিস্তার করে বিজয়ী হওয়ার অভিযোগ উঠেছিল আক্তার হোসেনের বিরুদ্ধে। এ কথা তুলে ধরে বিএনপির প্রার্থী জহির উদ্দিন বলেন, ‘গত নির্বাচনের অভিজ্ঞতা থেকে এবারও আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি এখন পর্যন্ত তাঁদের আচরণ ও কর্মকাণ্ড আমাদের আশঙ্কাকে জোরালো করছে।’
এসব শঙ্কা উড়িয়ে দিয়ে সরকারি দলের প্রার্থী আক্তার হোসেন বলেন, নির্বাচনে মূল শক্তি জনগণ। তাঁরাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন।
অন্যদিকে নির্বাচনের সময় পরিবেশ ও ভোট দেওয়া নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বলেন, নির্বাচন কমিশন সবার জন্য সমান পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করছে। এটা ভোটের সময় পর্যন্ত অব্যাহত থাকবে।