চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্স ভবন যমুনায় বিলীন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন গত বুধবার সন্ধ্যায় যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। এর আগে স্থানীয় সাংসদের হস্তক্ষেপে ভবনটির নিলাম-প্রক্রিয়া বাতিল হয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। ফলে সরকার কমপক্ষে ৩৩ লাখ টাকার রাজস্ব হারাল।
জেলার সিভিল সার্জন কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, কয়েক বছর ধরেই চৌহালী উপজেলা পরিষদ চত্বরে ভাঙন শুরু হয়। এই চত্বরের উপজেলা পরিষদ ও থানা ভবন অনেক আগেই নদীতে বিলীন হয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ছিল নদী থেকে ৫০০ মিটার দূরে। এ বছর স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ভাঙন শুরু হয়। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স ভবন পুরোপুরি ভেঙে নদীতে হারিয়ে যায়।
এদিকে সরকারের ক্ষতি কমাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও আবাসিক ভবনগুলোর জন্য নিলাম আহ্বান করা হয়। ২১ আগস্ট চারজন নিলামে অংশ নেন। তাঁদের মধ্যে জেলা সদরের রায়পুর এলাকার মো. রফিকুল আলম ৩৫ লাখ টাকা ও মো. মজিবর রহমান মণ্ডল ৩৩ লাখ টাকা দর প্রস্তাব করেন। মজিবর স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল মজিদ মণ্ডলের নিকটাত্মীয়। অভিযোগ উঠেছে, মজিবর রফিকুলকে¯টাকা জমা না দেওয়ার জন্য নানা হুমকি দেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মজিবর প্রসঙ্গ এড়িয়ে এই প্রতিবেদককে তাঁর জামানতের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে প্রতিবেদন করতে বলেন।
এদিকে সংসদ সদস্য আবদুল মজিদ সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরকে ভবনগুলো নিলামে না দিতে বলেন বলে জানা যায়। বুধবার মন্ত্রণালয় নিলাম-প্রক্রিয়া বাতিল ঘোষণা করে চিঠি দেয়।
স্থানীয় কয়েকজন জানান, নিলাম নিয়ে দুটি পক্ষের সৃষ্টি হওয়ায় লাখ লাখ টাকার জিনিস নদীতে চলে গেল।
জানতে চাইলে আবদুল মজিদ মণ্ডল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নদী থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ভবন দূরে আছে জানিয়ে স্থানীয় লোকজন নিলাম বাতিলের জন্য তাঁর কাছে মৌখিক আবেদন করেছিলেন। তবু তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি বা নিলাম বাতিল করতে বলেননি। স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে থাকতে পারে।
এ বিষয়ে সিভিল সার্জন মোহাম্মদ শামসুদ্দিন বলেন, এলাকার লোকজন নিলামের বিপক্ষে ছিলেন। তবে ভবন বিলীন হওয়ার আগে দরজা-জানালা ছাড়া কমপ্লেক্সের সব মালামাল নিয়ে যাওয়া হয়েছে।