চৌহালীতে যমুনার ভাঙন রোধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার ভাঙন রোধে ও মানচিত্রে উপজেলার শেষ চিহ্নটুকু রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করা হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরসলিমাবাদ বাজারের পাশে নদীতীরে এক ঘণ্টা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় সমাজসেবক আবদুল লতিফের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাহ্হার, সমাজসেবক রফিক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অতীতে ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এ বছর চৌহালী উপজেলা পরিষদসহ অন্তত ছয় হাজার ঘর-বাড়ি-স্থাপনা বিলীন হয়েছে। এখন পুরো উপজেলা বিলীন হওয়ার পথে। তাই মহান সৃষ্টিকর্তার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবল তাঁদের রক্ষা করতে পারেন বলে বক্তারা মনে করেন। তাই জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর মাধ্যমে ভাঙন রোধে কাজ শুরুর দাবি জানান তাঁরা।