
অষ্টম বেতন স্কেলে পদমর্যাদা নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনসহ কয়েক দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচটি সংগঠনের মোর্চা বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্যজোট। আর প্রধান শিক্ষকদের চেয়ার কালো কাপড়ে ঢেকে পাশের চেয়ারে বসে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতিভুক্ত প্রধান শিক্ষকেরা।
আন্দোলনরত শিক্ষকেরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। বর্তমানে সারা দেশে প্রায় ৬৩ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে চার লাখ শিক্ষক রয়েছেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি আন্দোলন করছে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা, জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে। সমিতির যুগ্ম আহ্বায়ক এস এম ছায়িদ উল্লা দাবি করেন, ঢাকাসহ সারা দেশেই এ কর্মসূচি পালিত হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ ছাড়া প্রধান শিক্ষকেরা আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন। এরপরও দাবি পূরণ না হলে ৬ অক্টোবর থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
ঢাকার হাজারীবাগ, লালবাগ, গেন্ডারিয়াসহ কিছু এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা চেয়ার কালো কাপড়ে ঢেকে পাশের চেয়ারে বসে দায়িত্ব পালন করেন। হাজারীবাগ এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চেয়ার কালো কাপড়ে ঢেকে তার ওপর লেখা হয়েছে ‘গেজেটেড পদমর্যাদা বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদ’।
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সেখানকার অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়েছে। সমিতির চট্টগ্রাম জেলার আহ্বায়ক কাইছারুল আলম জানিয়েছেন, জেলার প্রায় আড়াই হাজার প্রধান শিক্ষক গতকাল নিজেদের চেয়ারে বসেননি।
সহকারী শিক্ষকদের আন্দোলন: সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের মাত্র একধাপ নিচে রাখা, টাইম স্কেল বহালসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন সহকারী শিক্ষকেরা। এই দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচটি সংগঠনের মোর্চা বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্যজোট গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন প্রথম আলোকে বলেন, সারা দেশেই তাঁদের জোটের কার্যক্রম আছে। এ জন্য সারা দেশেই কর্মসূচি পালিত হয়েছে। আগামীকাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। ১৫ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। আর ১৫ অক্টোবর পর্যন্ত বৃহস্পতিবার অর্ধদিবস ও শনিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে চারটি সহকারী শিক্ষক সংগঠনের মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন সহকারী শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে: ৪ থেকে ৮ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি, ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি। এ ছাড়া ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করবেন তাঁরা। গতকাল ফেডারেশনের এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় নেতারা বলেন, সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না।