চেয়ার ছেড়ে উঠতেই খসে পড়ল চাঙড়
ঘটনাস্থল, কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সময়, গত শনিবার দিবাগত রাত দুইটা। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাঁর নিজ কক্ষে বসে রাতের পালার কাজে ব্যস্ত। সেহির খাওয়ার জন্য উঠে কক্ষ থেকে বেরোলেন। হঠাৎ বিকট আওয়াজ। দোতলা ভবনটা যেন কেঁপে উঠল। কর্তব্যরত সেবিকা ও ওয়ার্ডবয়রা ছুটে আসেন আরএমওর কক্ষে। শব্দটা সেদিক থেকেই এসেছে।তাঁরা এসে দেখেন, ছাদের ইট, সুরকিসমেত কংক্রিটের বড় একটা চাঙড় ভেঙে পড়েছে আরএমওর চেয়ার ও টেবিলের ওপর। অল্পের জন্য বেঁচে গেছেন আরএমও এ এস এম ফেরদৌস।দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির পুরোনো ভবনের অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে। এ নিয়ে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাথাব্যথা নেই। নারী ও পুরুষ ওয়ার্ডের রোগীরা ঘটনার পর থেকে ছাদ ধসে পড়ার আশঙ্কায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। নারী ওয়ার্ডের ২৬, ২৭ ও ৩০ নম্বর শয্যার ওপর ছাদে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। চিকিৎসাধীন রোগী সুফিয়া বেগম, কাইনুর বেগম ও শাহীনা বেগম জানান, ফাটল ধরা ছাদের নিচে শুয়ে থাকলেও রাতে ঘুম আসে না।আরএমও এ এস এম ফেরদৌস বলেন, ‘ছাদ ধসে পড়ার কিছুক্ষণ আগেও আমি ওই চেয়ারটায় বসে কাজ করেছি। তখন ধসে পড়লে হয়তো বাঁচতাম না।’