চেয়ার দিয়ে পেটালেন চেয়ারম্যান
বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাদুরতলা বাজারে স্থানীয় আবদুল কুদ্দুস খানকে চেয়ার দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।আবদুল কুদ্দুস খান হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আবদুল কুদ্দুস নিজের ও তাঁর পরিবারের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান প্রভাব বিস্তার করে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ দাবি করেন। গত সোমবার বেলা আড়াইটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মিত্রর কক্ষে সভাপতি নির্বাচনের কার্যক্রম নির্ধারিত ছিল।আবদুল কুদ্দুস খান বলেন, ‘ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে বাদুরতলা বাজারে চেয়ারম্যান আমাকে একটি দোকানে ডেকে নেন। এ সময় সাত-আটজন মানুষের সামনে কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার মাথায় চেয়ার দিয়ে আঘাত করেন। পরে লোকজন তাঁকে শান্ত করার চেষ্টা করেন এবং আমাকে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। মাথায় সেলাই দিতে হয়েছে। এরপর প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। কিন্তু চেয়ারম্যান এ সুযোগ দেননি। এ জন্য আমি নির্বাচন বর্জন করেছি। এখন চেয়ারম্যান ও তাঁর লোকজন প্রতিনিয়ত আমাকে ও আমার দুই ছেলেকে হুমকি দিচ্ছেন।’ হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মিত্র বলেন, ‘ওই দিন নির্ধারিত সভাপতি নির্বাচনে চেয়ারম্যান আসাদুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাঁকে আমি চিনি, তবে তিনি যা বলেন তা আপনারা শোনেন এবং যা লেখার তা লেখেন।’