কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের হামলায় বর্তমান চেয়ারম্যান, ইউপি সদস্যপ্রার্থীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।হামলায় আহত ইউপি সদস্যপ্রার্থী জামাল উদ্দিন প্রধান নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনের নামে তিতাস থানায় মামলা করেছেন।এলাকাবাসী, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খায়েরের অনুসারীরা দা, কিরিচ ও হকিস্টিক নিয়ে গোপালপুর গ্রামে ইউপি সদস্য পদপ্রার্থী জামালের বাড়িতে হামলা চালায়। তারা জামালের ঘর থেকে টেলিভিশন, ৫৫ হাজার টাকা ও মুঠোফোন নিয়ে যায়। খবর পেয়ে ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির নেতা এমদাদ হোসেন আখন সেখানে যান। বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় এমদাদ, জামালসহ ১৩ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আনোয়ার, আরিফ, আজিজ, মরিয়ম, পারুল, আয়েশা ও ইকবালকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ ব্যাপারে হামলায় আহত তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন বলেন, ‘জামাল আমার পক্ষে কাজ করায় আবুল খায়েরের লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়। এতে আমিসহ অনেকে আহত হয়েছি।’চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খায়েরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।তিতাস থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল ঘুরে এসেছি। বিষয়টির তদন্ত হচ্ছে।’যোগাযোগ করা হলে কুমিল্লা-২ আসনে বিএনপিদলীয় স্থানীয় সাংসদ এম কে আনোয়ার বলেন, ‘এভাবে হামলা ও ভয়ভীতি দেখিয়ে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের বিজয় ঠেকানো যাবে না।’ তিনি সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন।