চেয়ারম্যান-ইউএনও দ্বন্দ্ব লোক নিয়োগ বন্ধ
উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যে দ্বন্দ্বের কারণে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে লোক নিয়োগে অনিশ্চয়তা দেখা দিয়েছে।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ মে নিয়োগ পরীক্ষায় সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জন এবং গাড়িচালক পদে পাঁচজন অংশ নেন। পরীক্ষার দিনই চার নিয়োগপ্রত্যাশী উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। সদর উপজেলার ইউএনও আবুল আমিন বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। শফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম পেয়েছেন যথাক্রমে ৮৪ দশমিক ৫ ও ৪৮ নম্বর। সেখানে উপজেলা চেয়ারম্যানের পছন্দের দুই প্রার্থী পেয়েছেন ৪৮ ও ৩২। পছন্দের প্রার্থী বেশি নম্বর না পাওয়ায় সমস্যার উদ্ভব হয়েছে।উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, পরিষদের সভায় উপস্থাপনের আগেই নম্বর ফাঁস করা ঠিক হয়নি। এদিকে ১৩ মে আলমডাঙ্গা উপজেলা পরিষদের মাসিক সভায় নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। ১২ মে অনুষ্ঠিত ওই পরীক্ষায় সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ এবং গাড়িচালক পদে চারজন অংশ নেন। নাজমুস সায়হাম ও হামিদুল ইসলাম যথাক্রমে ৬৩ ও ৩৯ নম্বর পেয়েছেন এবং উপজেলা চেয়ারম্যানের মনোনীত দুই প্রার্থী পেয়েছেন যথাক্রমে ৫৫ ও ৩৭ নম্বর। উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, ইউএনওর নেতৃত্বে বাছাই কমিটি ওই দুজনকে নম্বর বেশি দিয়েছে। পরিষদের মাসিক সভায় লিখিত অভিযোগ ওঠায় নিয়োগ স্থগিত করা হয়েছে।আলমডাঙ্গার ইউএনও মুহামঞ্চদ আবদুস সালাম বলেন, কোনো অনিয়ম করা হয়নি। চেয়ারম্যানের মনোনীত প্রার্থীকে সর্বোচ্চ নম্বর না দেওয়ায় সিদ্ধান্ত গ্রহণে গড়িমসি করা হচ্ছে।