চেয়ারম্যান-ইউএনওর দ্বন্দ্ব, কাজে স্থবিরতা
বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যে বিরোধের কারণে পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলা চেয়ারম্যান সালাউদ্দীন আহম্মেদের অভিযোগ, ইউএনও বিধি লঙ্ঘন করছেন এবং আওয়ামী লীগ-সমর্থিত কতিপয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন।পক্ষান্তরে ইউএনও বলছেন, চেয়ারম্যান বেশির ভাগ সময় ঢাকায় থাকেন, যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্রে সই করেন না। এ কারণে পরিষদের কাজে স্থবিরতা দেখা দিয়েছে।চেয়ারম্যান অভিযোগ করেন, ইউএনও মুহমঞ্চদ মশিউর রহমান ভূমি হস্তান্তরের এক ভাগ টাকা কোনো প্রকল্প গ্রহণ ছাড়াই অনৈতিকভাবে কতিপয় ইউপি চেয়ারম্যানের মধ্যে বণ্টন করে দেন। গত বছরের ৩ আগস্ট তিনি ইউএনওর কাছে লিখিতভাবে পরিষদের আয়ের উৎস, এ-সংক্রান্ত ব্যাংক হিসাব নম্বর এবং জমা টাকার পরিমাণ জানতে চান। কিন্তু ইউএনও তা জানাননি। এ ছাড়া ইউএনও নয় মাস ধরে তাঁর গাড়িচালকের বেতন ও গাড়ির জ্বালানি ব্যয় প্রদানে গড়িমসি করায় তিনি বাধ্য হয়ে গত বছরের ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন। ইউএনওর ইন্ধনে আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ইউপি চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছেন এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন।ইউএনও বলেন, চেয়ারম্যান যথাসময়ে সভার সিদ্ধান্তসংবলিত কাগজে সই করেন না। এ কারণে কাজের সমন্বয়, ঠিকাদারদের বিল প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সমস্যা হয়।উপজেলা চেয়ারম্যান জানান, তাঁর সময়ে গত তিন বছরে উপজেলা পরিষদের ২৭টি বৈঠক হওয়ার কথা। এর মধ্যে ২৪টি সভা হয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজ ঠিকভাবে হয়েছে কি না তা যাচাই করে দেখে বিলে সই করতে কিছুটা সময় লেগে যায়। উপজেলা পরিষদের কাজে গত ৩ মার্চ তিনি ঢাকায় যান। তিনি অভিযোগ করেন, ৬ মার্চ ইউএনও তাঁর অনুপস্থিতিতে স্থানীয় সাংসদের মৌখিক নির্দেশের কথা উল্লেখ করে একটি জরুরি সভা ডেকে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। আইনানুযায়ী ইউএনও ওই সভা ডাকতে পারেন না। এভাবে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে তাঁর দাপ্তরিক কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে।ইউএনও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা পরিষদের নীতিমালা অনুসরণ করেই আমি দায়িত্ব পালন করছি। চেয়ারম্যান মন্ত্রিপরিষদ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগে একাধিক অভিযোগ দিয়েছিলেন। এগুলোর তদন্ত হয়েছে।’ চেয়ারম্যানের অনুমতি ছাড়া সভা ডাকার বিষয়ে তিনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যান নিয়মবহির্ভূতভাবে প্রায়ই এলাকার বাইরে থাকেন। তখন প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার বিধান থাকলেও তিনি তা দেন না। এ জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আমাদের সমস্যায় পড়তে হয়। উপজেলা ভাইস চেয়ারম্যানের মাধ্যমে ওই সভা আহ্বান করেছি।’