চেয়ারম্যান একরাম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ৪ মে
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ফেনীর জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ এ দিন ধার্য করেন।
এর আগে গতকাল মঙ্গলবার মামলার বাদী ও চেয়ারম্যান একরামের বড় ভাই রেজাউল হক ওরফে জসিমের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করেন। আদালত আবেদন আমলে নিয়ে ৪ মে মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। এ সময় মামলার ৪৩ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় দিনদুপুরে চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে এবং গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। গত বছরের ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ পর্যন্ত মামলার ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে ১৫ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ১২ জন আসামি পলাতক। গ্রেপ্তার আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে থাকায় আজ আদালতে তিনি উপস্থিত ছিলেন না।