চেয়ারম্যান একরাম হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। । আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ মামলার বাদী ও চেয়ারম্যান একরামের ভাই রেজাউল হক ওরফে জসিমের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় ৪৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে চারজন জামিনে রয়েছেন। তবে মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া বাকি ৪৩ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মাহতাব ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে রয়েছেন। পিপি জানান, তিনজন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, আজ মামলার ধার্য তারিখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী কারাগারে থাকা ৩৩ জন, কুমিল্লা কারাগারে থাকা ছয়জন আসামিকে আদালতে হাজির করা হয়। শুধু ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন একজন আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া জামিনে থাকা চারজন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি ১২ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

৫৬ আসামির মধ্যে একমাত্র বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্যরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।

২০১৪ সালের ২০মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে (৪৭) দিনদুপুরে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।