চেয়ারম্যান একরাম হত্যা: সাক্ষ্য দিলেন আরও ২ জন
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আজ বুধবার দুজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এ মামলায় মোট ৫৯ জন সাক্ষীর মধ্যে ২১ জন সাক্ষ্য দিয়েছেন। ২৮ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লার আদালতে সাক্ষী মো. আবদুল হক ও জিয়া উদ্দিন সাক্ষ্য দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। গতকাল ছয়জন আসামির পক্ষে জামিন প্রার্থনা করা হয়।
আদালত সূত্র জানায়, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এখন পর্যন্ত ৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার ১০ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
আসামিদের মধ্যে একমাত্র বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্যরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মী। মিনার চৌধুরী গত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একরামের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।