চেয়ারম্যান একরাম হত্যার বিচার শুরু

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ আজ মঙ্গলবার এ অভিযোগ গঠন করেন। আগামী ১২ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
আদালত সূত্র জানায়, এর আগে গত ১১ জানুয়ারি, ১০ ফেব্রুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য থাকলেও গ্রেপ্তারকৃত সব আসামি আদালতে উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। তবে আজ জামিনে থাকা চারজন এবং কারাগারে থাকা ৪০ জন আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানায়, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির সবার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। জামিনে থাকা চারজন এবং কারাগারে থাকা ৪০ জনসহ ৪৪জন আসামি এ সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জানান, ২২ জন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের আবেদন খারিজ করে দেন। এ ছাড়া কয়েকজন আসামির পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছরের ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে গ্রেপ্তার ৪৪জন আসামির মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি ১২ জন আসামি এখনো পলাতক।
৫৬ আসামির মধ্যে একমাত্র বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ি গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
আরও পড়ুন..