চেয়ারম্যান ও এক পরিচালকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক হিসেবে পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান ও পরিচালক কবিরুজ্জামান ইয়াকুবের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ নভেম্বর রুলসহ এ আদেশ দেন।
পাশাপাশি চন্দ্রা স্পিনিং মিলের ঋণ পুনঃ তফসিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিট আবেদনকারীদের করা আবেদন ৫ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপককে (ব্যাংকিং রেজ্যুলেশন ও পলিসি বিভাগ) নির্দেশ দিয়েছেন আদালত।
পূবালী ব্যাংকের একজন হিসাবধারী মো. রাফাতুল ইসলাম ও শেয়ারহোল্ডার মো. আবদুল আউয়াল রিট আবেদনটি করেন। আদালতে তাঁদের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান।
বেআইনিভাবে শেয়ার হস্তান্তর এবং পূবালী ব্যাংক থেকে ওই কোম্পানির নামে সীমার বাইরে ঋণ নেন—এমন অভিযোগে গত ৭ নভেম্বর লিখিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করার পর কোনো প্রতিকার না পেয়ে ওই রিটটি করা হয় বলে জানান একজন আবেদনকারী।