চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাত উপজেলার ১৪টি স্থগিত কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার আবার ভোট নেওয়া হয়। এতে চেয়ারম্যান পদে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুটি করে উপজেলায় জয় পেয়েছেন দুই দল-সমর্থিত প্রার্থীরা।
১৫ মার্চ তৃতীয় ধাপের নির্বাচনের দিন জাল ভোট ও সহিংসতার কারণে ছয় জেলার সাত উপজেলার ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও কুমিল্লার তিতাসে একটি করে, চাঁদপুরের হাজীগঞ্জে দুটি, বরিশালের হিজলা, ময়মনসিংহের গৌরীপুর ও মুক্তাগাছায় তিনটি করে কেন্দ্র রয়েছে। ওই সব কেন্দ্রে গতকাল আবার ভোট নেওয়া হয়। এর মধ্যে তিনটি উপজেলায় চেয়ারম্যান, পাঁচ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও চার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যানের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়।
ময়মনসিংহ: মুক্তাগাছায় তিনটি পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। জাকারিয়া হারুন চেয়ারম্যান, শাহরিয়ার শরিফ ভাইস চেয়ারম্যান ও আজিজা রহমান মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন। গৌরীপুরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত ছানাউল হক জয়ী হয়েছেন।
বরিশাল: হিজলায় তিনটি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সুলতান মাহমুদ খান চেয়ারম্যান, এনায়েত হোসেন হাওলাদার ভাইস চেয়ারম্যান ও মহসিনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন।
চাঁদপুর: হাজীগঞ্জে আওয়ামী লীগ-সমর্থিত আবদুর রশিদ মজুমদার চেয়ারম্যান ও একই দলের পারভীন ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
লক্ষ্মীপুর: কমলনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী হুসনে আরা বেগম।
কিশোরগঞ্জ: কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মেজবাহ উদ্দিন।
কুমিল্লা: তিতাস উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত শাহীনুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও ভৈরব; ময়মনসিংহ ও বরিশাল অফিস, রামগতি (লক্ষ্মীপুর) ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি]