চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কালো ব্যাজ পরবেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের মৃত্যুতে কাল সোমবার সারা দেশের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কালো ব্যাজ ধারণ করবেন। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের জাতীয় সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় আরও বলা হয়েছে, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ১০ দফা দাবি আদায়ে ১৬ অক্টোবর থেকে ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করবে। সব শেষে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে। ১৬ অক্টোবর প্রথম সমাবেশ হবে চট্টগ্রামে। এরপর পর্যায়ক্রমে ১৭ অক্টোবর খুলনায়, ২৩ অক্টোবর রাজশাহীতে, ৩০ অক্টোবর রংপুরে, ২০ নভেম্বর বরিশালে এবং ২৯ নভেম্বর সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ৩০ নভেম্বরের মধ্যে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন-কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেওয়া হয়। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল মজিদের (মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান) সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের শুরুতে সন্ত্রাসী হামলায় নিহত সানাউল্লাহ নূর এবং অন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। উপস্থিত জনপ্রতিনিধিরা এ ঘটনার তীব্র নিন্দা ও হত্যাকারীদের বিচার দাবি করেন।বক্তারা জানান, বর্তমানে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পাঁচটি সংগঠন রয়েছে। এগুলো হলো, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন, উপজেলা চেয়ারম্যান সমিতি, উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদ ও উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ। বক্তারা দাবি করেন, একাধিক সংগঠনে ভাগ হয়ে থাকার কারণেই উপজেলার জনপ্রতিনিধিরা দাবি আদায়ে জোরালো কোনো ভূমিকা রাখতে পারছেন না। এ জন্য তাঁরা শীর্ষ নেতাদের সমালোচনা করেন। তাঁরা অবিলম্বে সব সংগঠন বিলুপ্ত করে একটি সংগঠন করার দাবি জানান। সব সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে কি না, এ নিয়ে সম্মেলনকেন্দ্রে কিছুটা হট্টগোলও হয়। উপস্থিত ভাইস চেয়ারম্যানদের অনেকেই চেয়ারম্যানদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন। তাঁরা জানান, চেয়ারম্যানরা ভাইস চেয়ারম্যানদের অধিকার ও দায়িত্ব থেকে বঞ্চিত করে চলেছেন। সম্মেলনে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা (শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান) বলেন, আমলা এবং সাংসদদের চক্রান্তে উপজেলার জনপ্রতিনিধিরা আজ একাধিক সংগঠনে বিভক্ত। যে কারণে পরিষদও অকার্যকর হয়ে আছে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। কিন্তু তিনি আমাদের হতাশ করেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেটের বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান, রংপুর সদর উপজেলার চেয়ারম্যান মাসুদুন্নবী, ঝালকাঠির নলছিটি উপজেলার চেয়ারম্যান জি কে মোস্তাফিজুর রহমান, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চেয়ারম্যান কাকলী খিসা, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান আজিজুল হক প্রমুখ।