চেয়ারম্যান ও সচিবের কক্ষ বন্ধ, ভোগান্তি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের চেয়ারম্যান ও সচিবের কক্ষে দুই মাস ধরে তালা ঝুলছে। ইউপির নয়জন সদস্য দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর ওই তালা ঝুলিয়ে দেন।রায়কালী ইউনিয়নের চন্দ্রপাইল গ্রামের বাসিন্দা কোহিনুর ইসলাম বলেন, ‘ইউপি সদস্যরা কক্ষে তালা দেওয়ায় চেয়ারম্যান পরিষদে আসছেন না। এ কারণে দুই মাস ধরে ঘুরেও একটি নাগরিকত্ব সনদ পাচ্ছি না। আমার মতো ইউনিয়নের অনেকেই এমন ভোগান্তির শিকার হচ্ছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান ও সচিবের কক্ষের তালা খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে রায়কালী ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। হঠাৎ করেই ঈদুল ফিতরের দুই দিন পর বিএনপির সাংসদ গোলাম মোস্তফার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আবার বিএনপিতে ফিরে যান। এ কারণে শাসক দলের নেতা-কর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ হন। গত সেপ্টেম্বর মাসে তাঁর বিরুদ্ধে কয়েকজনের বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়। একজন সদস্য তাঁর বিরুদ্ধে মামলাও করেন। মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। পরে নিম্ন আদালতে হাজির হয়ে তিনি দুটি মামলায় স্থায়ী জামিন পান। শাহিনুর রহমান বলেন, ‘আমার ও সচিবের কক্ষের তালা খোলার ব্যবস্থা নিতে দুই দফায় লিখিতভাবে জেলা প্রশাসক ও ইউএনওকে জানিয়েছি। এখনো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।’ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ‘বিভিন্ন দুর্নীতির কারণে আমরা নয়জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছি। এ কারণে চেয়ারম্যান ও সচিবের কক্ষে তালা দেওয়া হয়েছে।’জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে তিনি ইউএনওর সঙ্গে কথা বলবেন।