চেয়ারম্যান ও সদস্যদের ভিন্নমত, পার্বত্য ভূমি কমিশনের সভা হয়নি
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যানের ডাকা মতবিনিময় সভা বর্জন করলেন কমিশনের দুই সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এবং চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়। ফলে কমিশনের সভাও হয়নি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি সার্কিট হাউসে এ সভা হওয়ার কথা ছিল।তবে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। তিনি দাবি করেন, যাঁরা সভায় আসেননি, তাঁদের সঙ্গেও কথা হয়েছে। তবে সন্তু লারমা ও দেবাশীষ রায় চেয়ারম্যানের দাবির সত্যতা অস্বীকার করেছেন।এর আগে গত সোমবার বান্দরবানে ভূমি কমিশনের চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈশহ্লার সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। তবে বোমাং সার্কেলের প্রধান রাজা অং শৈ প্রু চৌধুরী অসুস্থ থাকায় চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেননি।পার্বত্য ভূমি কমিশনের সচিব আবদুল হামিদ জানান, ৩ অক্টোবর খাগড়াছড়িতে কমিশনের সভা হয়। সেখানে তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন। ওই সভায় কমিশনের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য দীর্ঘদিন ধরে সভায় অনুপস্থিত থাকায় ভূমি কমিশনের কার্যক্রম অচল থাকার কথা বলা হয়।আবদুল হামিদ আরও বলেন, ভূমির বিরোধ নিয়ে তিন পার্বত্য জেলায় পাঁচ হাজারের বেশি যে অভিযোগ পাওয়া গেছে, কমিশনের অচলাবস্থার কারণে সেগুলো নিষ্পত্তির জন্য শুনানি করা যাচ্ছে না। এ অচলাবস্থা দূর করতে আগামী সভায় যেন সব সদস্য উপস্থিত থাকেন, তা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। এ জন্য কমিশনের চেয়ারম্যান সদস্যদের সঙ্গে একান্তে মতবিনিময় করতে তিন পার্বত্য জেলা সফর করছেন।বিচারপতি খাদেমুল ইসলামের দাবি সম্পর্কে যোগাযোগ করা হলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সমাজকল্যাণ-বিষয়ক কর্মকর্তা বরুণ চাকমা জানান, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার সঙ্গে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর সাক্ষাৎ করার ইচ্ছার কথা জানানো হয়েছিল তাঁর কার্যালয়ের একজন কর্মকর্তার মাধ্যমে। তবে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে সম্মতি দেননি। বরুণ চাকমা আরও জানান, সময় ও তারিখ-সংবলিত পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যানের তিন পার্বত্য জেলা সফর-বিষয়ক একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে ১৩ অক্টোবর স্বাক্ষর করেছেন পার্বত্য ভূমি কমিশনের সচিব আবদুল হামিদ। সেখানে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, চাকমা সার্কেলের প্রধান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার উল্লেখ আছে। কিন্তু কী বিষয়ে বা কেন মতবিনিময় সভা, তার কোনো আনুষ্ঠানিক চিঠি ভূমি কমিশন থেকে দেওয়া হয়নি।চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায় জানান, পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান তাঁর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন গতকাল সন্ধ্যা সোয়া ছয়টায়। মতবিনিময় সভা অনুষ্ঠানের (সকাল ১০টা) আগে তাঁর সঙ্গে কোনো কথা হয়নি। দেবাশীষ রায় সফরসূচি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, সেখানে মতবিনিময় সভার উল্লেখ করা হলেও কোনো আলোচ্যসূচি নেই। এ ছাড়া ভূমি কমিশনের সভা অনুষ্ঠানের জন্য যেভাবে চিঠি পাঠানোর কার্যপ্রণালির উল্লেখ রয়েছে, তা অনুসরণ করা হয়নি।দেবাশীষ রায় জানান, ‘ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য তিন সার্কেলের প্রধানের সুপারিশ অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধন ও একজন অধিকতর নিরপেক্ষ ব্যক্তিকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা না হলে কমিশনের কার্যক্রমে অংশ নেওয়া হবে না।’বোমাং রাজার প্রতিনিধি চহ্লাপ্রু জিমি বলেন, বোমাং রাজা অং শৈ প্রু চৌধুরী ভূমি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি জানান, তিন সার্কেলের প্রধান (রাজা) ভূমি কমিশন আইন দ্রুত সংশোধনের জন্য সরকারের কাছে লিখিতভাবে অনুরোধ করেছেন। আইন সংশোধন না হলে ত্রুটিপূর্ণ ও সাংঘর্ষিক আইন নিয়ে কোনো কাজ করা সম্ভব হবে না।পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আইন অনুযায়ী, আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করে নয় সদস্যের ভূমি কমিশন গঠিত হবে। কমিশনের অন্য সদস্যরা হলেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য জেলার তিন রাজা বা সার্কেলের প্রধান ও তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১০ জুন ২০০৯ সালে কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।